২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় লবীর বাড়িতে হামলা, গাড়ি ভাংচুর

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আলী আসগর লবীর বাড়িতে শুক্রবার বিকেলে হামলা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় নগরীর ইউসুফ রো (বড় মির্জাপুর) এলাকায় লবীর বাড়ির গেটের বাইরে দুটি গাড়ি পার্ক করা ছিল। এর মধ্যে পাজেরো জিপটি (খুলনা মেট্রো ক-০২-০২০৯) সংসদ সদস্য লবীর এবং প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো জ-৫০৭) বিএনপির সমর্থনপুষ্ট ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নেতা ডা. মোস্তফা কামালের মালিকানাধীন।

বিকেল সোয়া ৫টার দিকে শামসুর রহমান রোডের দিক থেকে ৩০/৪০ জন এসে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি দুটির ক্ষতিসাধন করে।

পরে তারা হামলা চালিয়ে সাংসদের ড্রয়িং রুমের জানালার কাঁচ ভাংচুর করে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সাংসদ লবী জানান, যুবলীগের লোকজন এ হামলা চালিয়েছে।

অপরদিকে ঘটনার সময় সাংসদ লবীর বাড়িতে উপস্থিত থাকা খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব সাহারুজ্জামান মোর্ত্তজা জানান, এক দল লোক ‘লবী ভাই জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে হামলা চালায়।

প্রাইভেট কারের মালিক ডা. মোস্তফা কামাল জানান, হামলাকারীরা তার ড্রাইভার এবাদতকে মারধর করে এবং তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।