শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিস্পত্তি করুন ঃ যুক্তরাষ্ট্র
রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিস্পত্তির জন্য শুক্রবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
দূতাবাসের এক মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, আমরা সহিংস কর্মকান্ডের বিপক্ষে। সব সময় এর নিন্দা জানিয়ে থাকি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র বলেন, দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ উপায়ে সব পক্ষের সভা-সমাবেশ এবং তাদের মতাদর্শ প্রচারের অধিকারের প্রতি যুক্তরাস্ট্রের সমর্থন রয়েছে।
বিএনপির একদল বিদ্রোহী মন্ত্রী ও সাংসদকে সাথে নিয়ে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং সাবেক মন্ত্রী কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ‘লিবারেল ডেমোক্রেটিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পর বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু সহিংস ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন দূতাবাস এই প্রতিক্রিয়া ব্যক্ত করে।
এদিকে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র সিন এমসি করমেক বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশের জনগণই তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেবে।
চলমান রাজনৈতিক সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে করমেক বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং কিভাবে তা পরিচালিত হবে সে ব্যাপারে বাংলাদেশের জনগণেই সিদ্ধান্ত নিবে।
