এলডিপি নিয়ে নানা প্রতিক্রিয়া
সদ্যঘোষিত রাজনৈতিক দল এলডিপি নিয়ে বিভিন্ন স্তরের মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদের মধ্যে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা--কর্মী ছাড়াও সাধারণ স্তরের মানুষও ছিলেন।
ময়মনসিংহ থেকে নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানান, এলডিপি নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জেলা ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান বলেন, বিএনপি যারা গঠন করেছেন তারাই মূল দলে নেই। কাজেই বিএনপি বলতে এখন আর কোনো দল নাই। এর ফলে বিএনপির ব্যাপক ক্ষতি হবে।
ময়মনসিংহ সদর আসনের সাংসদ দেলোয়ার হোসেন খান দুলু বলেন, ‘এলডিপি গঠনে বিএনপির কোনো ক্ষতি হবে না। নতুন দল গঠন করা গণতান্ত্রিক অধিকার। কাজেই যেকোনো ব্যক্তি নতুন দল গঠন করতে পারেন। এর ফলে চার দলের কোনো ক্ষতি হবে না।
এলডিপি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, এর ফলে চার দলের ব্যাপক ক্ষতি হবে।
মৎস্য ব্যবসায়ী অমিত রায় বলেন, বিএনপির দলত্যাগী নেতাদের নতুন দল গঠনের ফলে ১৪ দলই উপকৃত হবে।
খুলনা প্রতিনিধি জানান, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী এলডিপিতে যোগ দেওয়ায় স্থানীয় বিএনপি তাকে ‘বেঈমান’ আখ্যা দিয়ে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করেছে।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অধ্যাপক মাজিদুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, ‘শেখ রাজ্জাক আলী বেঈমান। তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বেগম খালেদা জিয়া স্পিকার বানিয়েছিলেন। বিএনপির খেয়ে পরে তিনি এখন এলডিপিতে যোগ দিয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি তাকে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করছি। তাকে খুলনার মাটিতে পা রাখতে দেওয়া হবে না।
জেলা বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য আলী আসগর লবী বলেন, ‘বিএনপির মতো একটি বড় দল থেকে রাজ্জাক আলীর মতো লোকেরা চলে গেলেও দলের তেমন কোনো ক্ষতি হবে না। এলডিপিতে যারা যোগ দিয়েছেন তাদের অনেকেই এর আগেও দল পরিবর্তন করেছেন। সুতরাং এতে বিএনপির কিছু আসে যায় না।’
চারদলীয় জোট সরকারের এক শরীক জামাতে ইসলামী বাংলাদেশ খুলনা মহানগরীর আমীর সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রাজ্জাক আলীর মতো একজন প্রজ্ঞাবান সিনিয়র রাজনীতিকের কাছ থেকে মানুষ এ ধরনের আচরণ প্রত্যাশা করেনি। যোগদান সঠিক কি বেঠিক তা তাদের নিজস্ব দল মূল্যায়ন করবে। জামাতে ইসলামীর পক্ষ থেকে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক হুইপ শেখ হারুনুর রশীদ বলেন, ‘বিএনপিতে গণতন্ত্র না থাকায় রাজ্জাক আলী অন্য দলে যেতে বাধ্য হয়েছেন। বিগত দিনে তাকে সঠিক মূল্যায়ন না করায় এ ঘটনা ঘটেছে।’
যশোর প্রতিনিধি জানান, যশোর--১ আসনের সাংসদ আলী কদরকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে শার্শা উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। এ ঘটনায় বিএনপি সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়ন জানান, গত পাঁচ বছর ধরে তারা ইনঅ্যাকটিভ। তাদের দলত্রাগে বিএনপির কোন ক্ষতি হবে না। তিনি বলেন, ‘ যে গরু দুধ দেয় না তার থাকা আর না থাকাটা খুব একটা গুরুত্ব বহন করে না।’
