বি চৌধুরী ও অলির নেতৃত্বে নতুন দল এলডিপির আত্মপ্রকাশ
সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাংসদ অলি আহমেদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পাটি (এলডিপি)। এলডিপিতে বর্তমান সরকারের মন্ত্রিসভার একজন সদস্য ও ১৩ জন সাংসদসহ বিএনপির ২৪ জন শীর্ষ নেতা রয়েছেন। নতুন দলের সভাপতি হলেন বি চৌধুরী, নির্বাহী সভাপতি অলি আহমেদ ও মহাসচিব এম এ মান্নান। এলডিপির নির্বাচনী প্রতীক হচ্ছে কুলা। এই দল গঠনের মাধ্যমে বিকল্পধারা, বাংলাদেশ এর অবলুপ্তি ঘটল।
বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সিনিয়র রিপোর্টার সুমন মাহমুদ ও কামরান রেজা চৌধুরী। (সমন্বিত)
ঢাকা, অক্টোবর ২৬ (নফহবংি২৪.পড়স)--সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাংসদ অলি আহমেদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন দল লিবারেল ডেমোক্রেটিক পাটি (এলডিপি)। এর মধ্য দিয়ে বিলুপ্তি ঘটেছে বিকল্পধারা বাংলাদেশ এর।
বৃহস্পতিবার সকাল পৌনে এগারটায় রাজধানীর গুলশানের স্যাফরন গার্ডেন রেস্টুরেন্টে এক সমাবেশে বি চৌধুরী ও অলি যৌথভাবে নতুন এই দলের ঘোষণা দেন।
মুহুর্মুহু করতালির মধ্যে অলি বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের স্বৈরাচারী নেতৃত্বে বর্তমান বিএনপি অতিমাত্রায় দুর্নীতিগ্রস্ত, অদক্ষ, অগণতান্ত্রিক, দ্বিধাগ্রস্ত এবং সিদ্ধান্তহীনতার জন্য বিখ্যাত। সর্বক্ষেত্রে দ্বৈতশাসনে জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। দলের পরীক্ষিত নেতা-কর্মীরা আজ অপাঙক্তেয় হয়ে গেছেন। রাষ্ট্র ও দল পরিচালনার ক্ষেত্রে পরিবারকে জড়িয়ে ফেলা হয়েছে। পরিবারের সদস্যদের প্রতিষ্ঠিত করতে জাতির বৃহত্তম স্বার্থকে পেছনে ঠেলে দেয়া হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে বার বার দুর্নীতির অভিযোগ উঠা সত্ত্বেও সরকার তা আমলে নেয়নি।’
অলি দাবি করেন, ‘খালেদা জিয়ার পরিবারের ১৪ জন সদস্য দুর্নীতির মাধ্যমে সম্পদ লুট করে নিয়েছে।’
তুমুল হর্ষধ্বনির মধ্যে বি চৌধুরী বলেন, ‘নয়া এই ঐক্যের মাধ্যমে আমরা দেশের মুক্তি আনতে পারব। আমাদের যুদ্ধ হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস ও দারিদ্র্যের বিরুদ্ধে’। তিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সবাইকে এই দলে যোগ দেয়ার আহবান জানান।
স্যাফরন গার্ডেনের এ সমাবেশে বিকল্পধারা বিভিন্ন ইউনিটের কর্মীরা কুলা নিয়ে উপস্থিত হন। তারা সারি বেঁধে দাঁড়িয়ে নেতাদের বক্তব্যের সঙ্গে সঙ্গে আনন্দ উল্লাস প্রকাশ করেন। সাথে ব্যান্ডের বাজনায় পরিবেশ ছিল আনন্দমুখর। বি চৌধুরী ও কর্নেল অলি সমাবেশে প্রবেশের সময় বাজনার সঙ্গে সঙ্গে তাদের বরণ করে নেওয়া হয়। এসময় বিকল্পধারার কর্মী--সমর্থকরা সমস্বরে শ্লোগান দেন, ‘ধানের ধূলা, ঝাড়তে লাগে ক’লা, হাওয়া ভবন ও তারেক জিয়ার ধূলা, ঝাড়তে লাগে ক’লা।’
গুলশানের তিনটি জায়গায় এই সমাবেশ অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি থাকলেও, এমনকি সাংবাদিকদের এতে আমন্ত্রণ জানানো হলেও সকাল পর্যন্ত কোথায় সমাবেশ হবে তা গোপন রাখা হয়। মূলত সরকার ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর চোখকে ফাঁকি দিতেই এ গোপনীয়তা অবলম্বন করা হয়।
এদিকে বর্তমান সরকারের মন্ত্রিসভার একজন সদস্য ও ১৩ জন সাংসদসহ বিএনপির ২৪ জন শীর্ষ নেতা এলডিপিতে যোগ দিয়েছেন। তাদের যোগদান নিয়ে কানাঘুষা থাকলেও শেষপর্যন্ত এতজনের একসঙ্গে যোগদানের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলডিপির সভাপতি হয়েছেন বি চৌধুরী, নির্বাহী সভাপতি অলি আহমেদ ও মহাসচিব এম এ মান্নান। এর নির্বাচনী প্রতীক হচ্ছে কুলা। কয়েকদিনের মধ্যে বিএনপির আরও ৩০ জন সংসদ সদস্য এলডিপিতে যোগ দেবেন বলে কর্নেল অলি জানান।
নতুন দলের মহাসচিব আবদুল মান্নান গুলশানের স্যাফরন গার্ডেন রেস্টুরেন্টে লিখিত ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করেন। এতে বলা হয়, ‘সীমাহীন দুর্নীতি, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, রাষ্ট্রীয় ও সামাজিক সন্ত্রাস, দুঃশাসন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দেশকে অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করতে এ নতুন দল গঠন করা হয়েছে।
সমাবেশে শেখ রাজ্জাক আলী, আলমগীর কবির, জাহানারা বেগম, রেদোয়ান আহমেদ, এম এ জিন্নাহ প্রমুখ বিএনপি ও সরকারের দেশ পরিচালনার ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, বিএনপি লুটেরায় ভরে গেছে। এ দলের আর প্রয়োজন নেই। এখন থেকে দেশের সর্ববৃহৎ দল হবে এলডিপি। তারা বিএনপির ভেতরে উদার গণতন্ত্রমনা নেতা--কর্মীদের এলডিপিতে যোগ দেয়ার আহবান জানান।
এর আগে অলিসহ বিএনপি দলীয় সাংসদ ও মন্ত্রিসভার সদস্য আলমগীর কবির দল থেকে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার কাছে লেখা পদত্যাগপত্রে অলি আহমেদ বলেছেন, ‘আপনার পুত্র তারেকের নেতৃত্বে বিএনপির কিছু মন্ত্রী ও সাংসদের দুর্নীতি অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন নেতা বা কর্মীর পক্ষে তাঁর নেতৃত্বে দল করা সম্ভব নয়। কোন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি রাজাকার স্বৈরাচার এবং দুর্নীতিবাজ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।’
এলডিপিতে যোগ দেওয়া বিএনপির বর্তমান মন্ত্রী--সাংসদদের মধ্যে রয়েছেন, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আলমগীর কবির, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার, প্রধানমন্ত্রীর প্রাথমিক ও শিক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপিকা জাহানারা বেগম, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেদোয়ান আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জিয়াউর রহমান খান, যোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ সৈয়দ মনজুর হোসেন, আবু হেনা, মোহাম্মদ কবির হোসেন, আবদুল করিম আব্বাসী, মোহাম্মদ আলী জিন্নাহ, আলী কদর।
আরও রয়েছেন সাবেক সাংসদদের মধ্যে সালাউদ্দিন কামরান, আরিফ মঈনউদ্দিন, নাজিম উদ্দিন আল আজাদ, সৈয়দ দিদার বখত, নুরুল আলম প্রমুখ।
বি চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরীও নতুন দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার নতুন দলে যোগ দিয়েছেন বর্তমান মন্ত্রী ও ১৩ জন সাংসদসহ ১০২ জন।
এর মধ্যে সাবেক সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে মেজর জেনারেল (অব.) আইনুদ্দিন, মেজর জেনারেল (অব.) এম এ সালাম, এয়ার কমোডর (অব.) মইনুল ইসলাম, লে. কর্নেল (অব.) দিদারুল আলম রয়েছেন। এ ছাড়া রয়েছেন সাবেক সচিব নাজমুল আলম সিদ্দিকী, নঈম জাহাঙ্গীর, সাবেক ছাত্রনেতা সানাউল হক নীরু প্রমুখ।
বিকল্পধারার অবলুপ্তির ফলে ওই দলের পতাকা ও অফিস নতুন দলের বলে বিবেচিত হবে।
