ঈদের আনন্দ ছাপিয়ে গুজবের দেশ
ঈদের আনন্দ ছাপিয়ে বুধ ও বৃহস্পতিবারের রাজধানী হয়ে উঠে গুজবের নগরী। রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, দেশে জরুরি অবস্থা আসছে এরকম নানা খবরে নাগরিকদের শঙ্কা দ্রুত ছড়িয়ে পড়েছে সারাদেশে। এমনকি দেশের বাইরে থেকেও লোকজন জানতে চেয়ছেন, দেশে কী হচ্ছে?
এমনিতেই জোট সরকারের শেষ সপ্তাহে ঈদ হওয়ায় রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাতময় পরিবেশে দেশবাসীর আনন্দ এবার অনেকটাই ফিকে হয়ে গেছে। টেলিফোনে বা সরাসরি সাক্ষাতে ঈদ মোবারকের পরেই তারা নিজেদের কুশলের বদলে জানতে চেয়েছেন দেশের কুশল?
২৮ অক্টোবর পল্টন ময়দানে বিএনপির সভার ঘোষণা এসেছিল আগেই। একই জায়গায় মহানগর আওয়ামী লীগের সমাবেশের ঘোষণা দেওয়ায় একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা হয়ে আছে। এ আশঙ্কাকে আরো বাড়িয়ে তুলেছে লাঠি-লগি বা বৈঠা বহনে ঢাকা মহানগর পুলিশের নিষেধাজ্ঞা এবং ১৪ দলের এসব সরঞ্জাম বা হাতিয়ার নিয়েই আন্দোলন-অবরোধ করতে অনমনীয় অবস্থান।
দেশের কী হচ্ছে জানার জন্য ঈদের ছুটি বাতিল বা সংক্ষিপ্ত করে সাংবাদিকরাও গত কয়েকদিন আক্ষরিকভাবে প্রাণ হাতে করে দৌড়েছেন। কিন্তু বিভিন্ন সূত্রে পাওয়া খবরে বিভ্রান্তিই ছড়িয়েছে বেশি।
বৃহস্পতিবার সকালেই গুজব রটে যায় যে, রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজদ্দিন আহম্মেদ পদত্যাগ করছেন। স্পিকার জমিরউদ্দিন সরকার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। তবে কোনো মহল থেকেই এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।
সকাল গড়িয়ে দুপুর না হতেই রটে যায় যে, সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে যাচ্ছেন। মেলেনি ওই তথ্যের সত্যতাও। তবে গুজব তার পাখা মেলেছিল ঠিকই।
বঙ্গভবনের সামনে দিনমান দাঁড়িয়ে থেকেও সাংবাদিকরা ফিরে গেছেন কোনো কিছু না জানতে পেরেই।
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সাধারণ সম্পাদক ও মহাসচিব পর্যায়ে ৫ অক্টোবর শুরু হয়েছিল সংলাপ। সোমবার ষষ্ঠ দফা সংলাপের পরই বোঝা গিয়েছিল যে, কোনো রকম সমঝোতা হওয়ার সম্ভাবনা আর নেই।
সোমবারই আওয়ামী লীগের তরফ থেকে সাংবাদিকদের জানানো হয়েছিল যে, বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা না করতে বিএনপি রাজি হয়েছে।
কিন্তু বুধবার ঈদের দিন বিকেলে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করে আবদুল মান্নান ভূঁইয়া জানিয়ে দিলেন, হাসানকে বাদ দিয়ে এখন আর নির্বাচন করা সম্ভব নয়। ১৪ দলও বৃহস্পতিবার জানিয়ে দিলো, হাসান ক্ষমতা নিলেই দেশব্যাপী অবরোধ।
