বিরোধী দলকে রুখতে প্রস্তুত পুলিশ
তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রশ্নে দুই প্রধান দল ‘কঠোর অবস্থানে’ থাকায় সরকারের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই নগরীতে পাল্টাপাল্টি মিছিল সমাবেশকে ঘিরে আইন--শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সংঘাতময় পরিস্থিতি মোকাবেলায় ডিএমপি আগামী ২৮ অক্টোবর থেকে রাজধানীতে লগি, বৈঠা, কাস্তে, লাঠিসহ যেকোন ধরনের ক্ষতিকর বস্তু বহন করে সভা--সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান বুধবার এ নিষেধাজ্ঞা জারি করেন।
এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল লগি, বৈঠা, কাস্তে হাতে দলীয় নেতা--কর্মীদের জমায়েত হওয়ার যে আহ্বান করেছে তাতে জনমনে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে। এতে ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা মহানগরী এলাকায় শান্তি--শৃঙ্খলা, জননিরাপত্তা এবং সরকারি স্থাপনা ও সম্পত্তি রক্ষা করার প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২৬ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো ঢাকা মহানগরী এলাকায় সব ধরনের অস্ত্র--শস্ত্র, লাঠি--সোটা, লগি, বৈঠা, কাস্তে, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য ক্ষতিকর দ্রব্য বহন করে যেকোন ধরনের সমাবেশ, মিছিল, বিক্ষোভ প্রদর্শন, ঘেরাও ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেন ডিএমপি কমিশনার।
এদিকে পুলিশ মহাপরিদর্শক আনোয়ারুল ইকবাল নফহবংি২৪.পড়স কে জানান, রাজনৈতিক পট পরিবর্তনের এই সন্ধিক্ষণে সব পুলিশের ছুটি বাতিল করা হয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের মানুষের মতো তিনিও উদ্বিগ্ন। তবে যেকোন পরিস্থিতি মোকাবেলায় মানসিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি পুলিশের রয়েছে। এজন্য ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে বলে তিনি জানান।
পুলিশ সূত্র জানায়, রাজধানীতে ক্ষতিকর বস্তুর প্রবেশ রুখতে বৃহস্পতিবার রাত থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে চেকপয়েন্ট বসানো হবে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে কাঁটাতারের বেড়া। পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ইতোমধ্যে নজরদারি জোরদার করেছে। কূটনৈতিক পাড়ায়ও পাহারা জোরদার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। র্যাবের গোয়েন্দা ও বিস্ফোরক বিশেষজ্ঞদের সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন- এ নিয়ে বিরোধী দলের ৫১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে ছয় দফা সংলাপ চলার পর ঈদের দিন বিএনপি মহাসচিব তাঁর কার্যালয়ে বলেন, ‘বিচারপতি হাসান প্রশ্নে কোনো আপোস নয়’।
তিনি বলেন, কে এম হাসান বিষয়ে বিরোধী দলের অবস্থান পরিবর্তন না হলে আর কোনো সংলাপ হবে না।
অপরদিকে একই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল সংলাপ ব্যর্থ ও দেশকে সংঘাতের মুখে ঠেলে দেওয়ার জন্য বিএনপিকে দায়ী করেন।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘কে এম হাসান ২৮ অক্টোবর প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলে লগি--বৈঠা নিয়ে ঢাকা অবরোধ করা হবে। অচল করে দেওয়া হবে পুরো দেশ। হাসানের অধীনে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণ অবশ্যই তা প্রতিরোধ করবে’।
