২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো নয়জনকে সচিব পদে পদোন্নতি

বিদায়ের আগে সরকার সোমবার গভীর রাতে আরো নয় অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2006, 04:00 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সোমবার গভীর রাতে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারের ক্ষমতা হস্তান্তরের আগেই সচিব পদে পদোন্নতি ও মাঠ প্রশাসনে আরেক দফা রদবদলের জন্য ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির দিনও সংস্থাপন মন্ত্রণালয়সহ সচিবালয়ের বিভিন্ন দপ্তরে কাজ চলে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ভূমি সংস্কার বোর্ডের মর্তুজা হোসেন চৌধুরী, পরিবহন কমিশনার ওসমান গণি, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আব্দুল ওহাব, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুল হাসান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শেখ ওয়াহিদুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবিএম আব্দুল হক, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এহসান উল ফাত্তাহ, তাঁত বোর্ডের চেয়ারম্যান আকরাম হোসেন এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ এনায়েতুল্লাহ।

এর আগে সেপ্টেম্বরে আরো ১৩ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়।

এছাড়া মাঠ প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শতাধিক সহকারী সচিবকে পদায়ণের জন্য একটি তালিকা চূড়ান্ত করা হলেও সোমবার রাতে তা অনুমোদন করা হয়নি। ফলে এ সংক্রান্ত কোন প্রজ্ঞাপনও জারি হয়নি।

ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই এ সংক্রান্ত আদেশের প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।