মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি মন্ত্রিসভার সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়ার নেতৃত্বে পাঁচ বছরে দেশ উন্নয়নের রোডম্যাপ নিয়ে এগিয়ে গেছে বলে বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।
সোমবার দুপুর ২টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। দেড় ঘন্টা স্থায়ী বৈঠকে কার্যসূচির বাইরে কোনো উন্মুক্ত আলোচনা হয়নি বলে জানা গেছে।
প্রসঙ্গত ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোট বিজয়ী হওয়ার পর ১০ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার নেতৃত্বে ৬০ সদস্যের মন্ত্রিসভা গঠন করেন। বিভিন্ন সময়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা কমে বর্তমানে ৪৬--এ দাঁড়িয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন ২২ জন, প্রতিমন্ত্রী ২০ এবং উপমন্ত্রীর সংখ্যা ৪।
