প্রধানমন্ত্রীর সঙ্গে সিনিয়র মন্ত্রীদের বৈঠক, সচিবালয়ে বিদায়ের সুর
প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার রাতে সিনিয়র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়ে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা ও ক্ষমতা হস্তান্তর সম্পর্কে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
সোমবার দুপুর ২টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে জোট সরকারের শেষ কার্যদিবসে জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সর্বত্রই ছিল বিদায়ের সুর।
প্রধানমন্ত্রীসহ জোট সরকারের অনেক দায়িত্বশীল মন্ত্রী ও উপদেষ্টা ওইদিন নিজ নিজ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কাছে থেকে বিদায় নেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সাথে বিদায়ী সাক্ষাত করেন এবং তাদের শুভেচ্ছা জানান। কয়েকজন মন্ত্রীকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।
যেসব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা তাদের দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের থেকে বিদায় নেন- তারা হলেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, আইন মন্ত্রী মওদুদ আহমদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল, ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা মাহমুদুর রহমান।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের অনেকেই এ সময় সাংবাদিকদের কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বেলা দুইটার দিকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া সচিবালয়ে তার কার্যালয়ে আসেন। দীর্ঘদিন পর এবং সরকারের শেষ কার্যদিবসে প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করবেন বলে সেখানে আগের দিন থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
প্রধানমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে ঢুকেই আনুষাঙ্গিক কাজ শেষ করে সচিব সভায় বসেন। ৫১ জন সচিবের অধিকাংশই এতে যোগ দেন।
সভা শেষে মন্ত্রী পরিষদ সচিব সাংবাদিকদের জানান, সভায় প্রধানমন্ত্রী তার কার্যকালে যথাযথভাবে বিভিন্ন নীতি নির্ধারণী বিষয় ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সচিবদের ধন্যবাদ জানান। একই সাথে তিনি মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানান।
স্থানীয় সরকার মন্ত্রী মান্নান ভূঁইয়া কর্মকর্তা--কর্মচারীদের সাথে বিদায়ী সাক্ষাত শেষে সাংবাদিকদের জানান, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে এসেছিলাম। এখন আবারো জনগণের ম্যান্ডেট নেয়ার জন্য জনগণের কাছে ফিরে যাচ্ছি। জনগণ চাইলে আবারো তাদের ম্যান্ডেট নিয়ে সরকারে আসবো।
লুৎফুজ্জামান বাবর বলেন, অপেক্ষায় আছি কত তাড়াতাড়ি এ দায়িত্ব থেকে মুক্ত হতে পারি। জলদি এ দায়িত্ব থেকে মুক্ত হয়ে এলাকার মানুষের কাছে ফিরে যেতে চাই। আশা করি এলাকার মানুষের ভোট নিয়ে আবারো নির্বাচিত হতে পারবো।
