সাফল্য ও ব্যর্থতার খতিয়ান দিলেন বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সকলের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট দেয়ার কাজ শুরু করেও শেষ করতে না পারাকে তার জীবনের অন্যতম ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, এ প্রকল্পটির বাস্তবায়ন সম্ভব হলে প্রতি বছর প্রায় দুই হাজার কোটি টাকা আয় করা সম্ভব হতো।
একইসঙ্গে তিনি জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাইকে গ্রেফতার ও বিচার করতে পারাকে তার সবচেয়ে বড় সাফল্য হিসেবে দাবি করেছেন।
জোট সরকারের শেষ কার্যদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীর কাছে থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
বাবর বলেন, সরকার এসব জঙ্গির ফাঁসি কার্যকর করার ব্যাপারে বেশ আন্তরিক ছিল। কিন্তু আইনগত জটিলতার কারণে তাদের ফাঁসি কার্যকর করা সম্ভব হয়নি। জঙ্গিদের ফাঁসি কার্যকর না হলেও তাদের ফাঁসির সকল প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার পর দেশের মানুষ আইন --শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম আতংকে ছিল। বিদেশী বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতে শুরু করেছিল। কিন্তু সরকার শক্ত হাতে আইন -- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ফলে বিনিয়োগকারীরা আবারো দেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার জঙ্গি নির্মূলের চেষ্টা করেছে, তবে তাদের নির্মূল করা সম্ভব হয়নি। দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীরা আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাব ও পুলিশের অভিযান চলছে। এটা একটা চলমান প্রক্রিয়া। এজন্য সকলকেই কাজ করে যেতে হবে।
এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও তাদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, দেশের অনেকে এদের কর্মকান্ডের সমালোচনা করে ঠিকই, কিন্তু তাদের প্রশংসাও করা হচ্ছে। র্যাব নিজেকে একটি ইনস্টিটিউশন হিসেবে দাঁড় করিয়েছে। বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে কিছুটা ভালো অবস্থায় এসেছে। এ অবস্থা অব্যাহত থাকলে আইন --শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে।
