এক দশকে ৪০০ কোটি টাকা খরচ করেও নির্ভুল ভোটার তালিকা হয়নি
গত এক দশকে ৪০০ কোটি টাকা ব্যয় করেও ভোটার তালিকার তথ্য নির্ভুল হয়নি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাজটি ত্বরান্বিত করতে আরও তিন কোটি টাকা বরাদ্দ ধরা হলেও প্রযুক্তিগত জটিলতায় শেষপর্যন্ত তা করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
অতিরিক্ত নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাকারিয়া নিজেদের অপারগতার কথা স্বীকার করে রোববার নফহবংি২৪.পড়স কে বলেন, ডাটা এন্ট্রিভুক্ত ভোটার তালিকার সঙ্গে মুদ্রিত ভোটার তালিকার মিল নেই। এরই মধ্যে আবার নতুন করে হালনাগাদ ভোটার তালিকার তথ্য নির্ভুলভাবে অন্তর্ভূক্ত করার কাজ চলছে।
জানা গেছে, প্রথম দফায় ১৯৯৬ সালে ভোটার তালিকা কম্পিউটারে অন্তর্ভূক্ত করার জন্য কমিশন ব্যয় করেছিল প্রায় ২৫০ কোটি টাকা। তখন এর উদ্দেশ্য ছিল ভোটার (আইডি) পরিচয়পত্র তৈরি করা। কিন্তু শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল করায় ভোটার আইডি কার্ড খাতে পুরো টাকাটাই গচ্চা যায়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ২০০০ সালে নতুন করে ডাটাবেজ তৈরি করার জন্য কমিশন খরচ করে প্রায় আট কোটি টাকা। জেলা পর্যায়ে এই ডাটাবেজ তৈরি করার জন্য তারা কম্পিউটার স্থাপন ও প্রশিক্ষণ খাতে আরো প্রায় ১৩০ কোটি টাকা খরচ করে।
২০০৭ সালে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বর্তমানে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে হালনাগাদ ভোটার তালিকা ডাটা এন্ট্রি করার কাজ দিয়েছে। এজন্য তাদের খরচ হচ্ছে প্রায় তিন কোটি টাকা।
এ বিষয়ে ওয়াকিবহাল কম্পিউটার ইঞ্জিনিয়ার ও এস্টোরিয়া ইনফো সলিউশনের মালিক সুবর্ণ আহমেদ জানান, ভোটার তালিকা সংশোধন ও মুদ্রণের জন্য ইসি যে ভোটার তালিকা কম্পিউটার ডিস্কে (সিডি) দিচ্ছে, সেটি ‘ফক্স প্রো’ প্রোগ্রামে করা। এটি অনেক পুরনো প্রোগ্রাম। এখন আর কোথাও এটি ব্যবহার করা হয় না। তিনি বলেন, এটিকে রূপান্তর করে আপডেট প্রোগ্রামে কাজ করা কঠিন একটি বিষয়।
দেশে ১৯৯৬ সালে ভোটারের সংখ্যা ছিল প্রায় পাঁচ কোটি ৫৯ লাখ। ২০০১ সালে দেশে ভোটারের সংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি। এবার সারাদেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।
