মান্নান ভূঁইয়ার অভিমত, অলি নতুন দল করবেন না
‘কর্নেল অলি নতুন দল গঠন করবেন না’- এরকম অভিমত বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার।
শনিবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর চেম্বারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিমত ব্যক্ত করে বলেন, ‘আমার মনে হয় না, অলি সাহেব নতুন দল গঠন করতে পারবেন। তিনি যা বলছেন তা তিনি দলের ভেতরে বসেই বলতে পারতেন। সেখানে অনায়াসেই দুর্নীতির বিষয় আলোচনা হতে পারে। কিন্তু যেভাবে উনি বলছেন এভাবে বলাটা ঠিক হচ্ছে না। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার। কেউ দুর্নীতি করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
মান্নান ভূঁইয়া আরো বলেন, মন্ত্রীত্ব হারালে কেউ কেউ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন। কিন্তু তিনি যখন মন্ত্রী থাকেন তখন কিছু বলেন না। এটা ঠিক না। তিনি বিএনপিকে দেশের সবচেয়ে জনপ্রিয় ও বড় দল হিসেবে অভিহিত করে বলেন, বড় দল হিসেবে যে রকম বিদ্রোহ থাকার কথা ছিল, তা বাস্তবে নেই। বিএনপি জনগণের রায় নিয়েই বার বার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় থাকলে অনেকের ক্ষোভ ও বেদনা থাকে, ফলে বিদ্রোহের জন্ম হয়। কিন্তু বিএনপির ক্ষেত্রে তেমনটি হয়নি।
মান্নান ভূঁইয়া জানান, কর্ণেল অলি আহমেদ স্থায়ী কমিটির প্রবীণ সদস্য। তিনি বিএনপিতেই আছেন।
প্রসঙ্গত, কর্ণেল (অব.) অলি আহমেদ দলের ভেতরে দুর্নীতিবাজ মন্ত্রী ও সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কয়েক দফা প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন। অন্যথায় তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
তবে বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী শুক্রবার সাংবাদিকদের বলেছেন, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও কর্ণেল অলি আহমেদের নেতৃত্বে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি(এনডিপি) নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
