শেষ কার্যদিবসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বদলী
জোট সরকারের শেষ কার্যদিবসে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের একান্ত সচিব ও সহকারি একান্ত সচিবদের বিভিন্ন মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে। তবে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন সদ্য উপসচিব পদে পদোন্নতি পাওয়া প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুল মতিন।
এছাড়া রোববার আরো বেশ কিছু উপ-সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলী করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে রোববার প্রকাশিত পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ৩২ জন কর্মকর্তার বদলীর আদেশ জারি করা হয়। তবে এসব প্রজ্ঞাপন রোববার ও বৃহস্পতিবারের সময় দিয়ে জারি করা হয়েছে।
মন্ত্রীদের একান্ত সচিব পদে কর্মরত থেকে বদলীর আদেশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব ওয়ালি উল ইসলামকে ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন সেক্টর প্রোগ্রাম-২-এর প্রকল্প পরিচালক, পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর একান্ত সচিব নাজিম উদ্দীন চৌধুরীকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক, যোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব আবু তালেবকে একই মন্ত্রণালয়ের উপ সচিব, যোগাযোগ প্রতিমন্ত্রীর একান্ত সচিব এআরএম খালেকুজ্জামানকে একই মন্ত্রণালয়ে উপসচিব এবং তথ্য মন্ত্রীর একান্ত সচিব আরশাদ হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
সদ্য পদোন্নতি পাওয়া উপসচিবদের মধ্যে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুল মতিন ও নওগাঁর এডিসি ড. আতিকুর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ইউএনও সঞ্জয় কুমার চৌধুরীকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), চাঁপাইনবাবগঞ্জের ইউএনও কল্লোল কুমার চক্রবর্তীকে রংপুরের এডিসি, রংপুরের চার্জ অফিসার দুলাল কৃষ্ণ সাহাকে সিরাজগঞ্জের এডিসি, পাবনার চাটমোহরের ইউএনও মিজানুর রহমানকে নেত্রকোনার এডিসি এবং শরিয়তপুরের দামুড্যার ইউএনও হাসানুল ইসলামকে জামালপুরের এডিসি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল হককে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, আবুল কাশেমকে বাংলাদেশ স্টেশনারি অফিসের উপ নিয়ন্ত্রক এবং ডা. বোরহানউদ্দিনকে সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক সোহেলী শিরীন আহমেদকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক, কাজল ইসলামকে ইজিবিএমপির কাউন্টারপার্ট কর্মকর্তা, মজিবুর রহমানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলী করা হয়েছে।
নজরুল ইনস্টিটিউটের সচিব হুমায়ুন কবীরকে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের উপ নিবন্ধক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আকন্দকে নজরুল ইনস্টিটিউটের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ফারুক জলিলকে রাজউকের সচিব, মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক আকরাম হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব, অডিট ম্যাথলজি প্রকল্পের এখলাছুর রহমানকে অর্থ বিভাগে উপসচিব, যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব মো. শোয়াইবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল আলম মিয়াকে অর্থবিভাগে, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক সিদ্দিকুর রহমানকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে, ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন সেক্টর প্রোগ্রাম-২-এর প্রকল্প পরিচালক আবু সৈয়দ মো. শাহেন রেজাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, অর্থ বিভাগের উপ সচিব হাসানুর রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ে, বাংলাদেশ স্টেশনারী অফিসের উপ নিয়ন্ত্রক হোসেন মোল্লাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নরসিংদীর প্রাক্তন এডিসি আব্দুস সালাম মিয়াকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলী করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোস্তফা কামালকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এবং বেগম রুহী রহমানকে অর্থ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
