২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ কার্যদিবসে সচিবালয়ে কাজ করলেন প্রধানমন্ত্রী

সরকারের শেষ কার্যদিবসে প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার তার সচিবালয়ের কার্যালয়ে অফিস করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 05:16 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

এজন্যে গত কয়েকদিন ধরেই সচিবালয়ে তাঁর কার্যালয়টি ধুয়ে--মুছে তকতকে করা হয়, নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এসময় মন্ত্রিপরিষদের সভাকক্ষে প্রশাসনের সচিবদের নিয়ে এক সভায় তিনি প্রশাসনের সচিবদের বিচক্ষণতা, দায়িত্বশীলতা, দূরদর্শিতা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের নীতি নির্ধারণ, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে আপনাদের ঘনিষ্ঠ সহযোগিতার কারণে দেশে অনেক দূর এগিয়ে গেছে। আমরা আর পিছিয়ে থাকতে পারি না। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে আগামী তিন থেকে চার বছরে দেশ স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে অনেকদূর এগিয়ে যাবে। এজন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

সভায় প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ৫১ জন সচিবের বেশিরভাগই উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী ও মন্ত্রিপরিষদ সচিব আবু সোলায়মান চৌধুরীসহ মোট ১৩ জন সচিব এতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও সমস্যার ব্যাপারে তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব সোলায়মান চৌধুরী সাংবাদিকদের জানান, এটি ছিল প্রধানমন্ত্রীর সাথে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিদায়ী সভা। এতে দক্ষতার সাথে দায়িত্ব পালনে সচিবদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয়া হয়।

প্রধানমন্ত্রী এ সময় তার সরকারের নেয়া মোট ৭৪৮টি সিদ্ধান্তের মধ্যে ৫৮১টি সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বাকী ১৬৭টি বাস্তবায়নাধীন সিদ্ধান্ত সম্পন্ন করতে সচিবদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি এসব প্রকল্প বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিদেরও ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনে পদোন্নতিসহ বিভিন্ন জট খুলে দিয়ে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়ে কয়েক দফায় বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারি নিয়োগ সহজতর করা হয়েছে। নিয়োগ ও পদোন্নতির এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদের জন্য ২০০৫ সালের ১ জানুয়ারী থেকে নতুন পে স্কেল কার্যকর করা হয়েছে। তাদের চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ--সুবিধা বাড়ানো হয়েছে। দেশে ও বিদেশে তাদের পেশাগত প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হয়েছে।

তিনি বলেন, জোট সরকারের পাঁচ বছরে দেশে ও বিদেশে প্রায় ৬০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। আরো সাড়ে সাত লাখ লোকের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। ঋণ ও প্রশিক্ষণ নিয়ে প্রায় ৫০ লাখ লোকের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

প্রধানমন্ত্রী রাজস্ব আদায়, পিআরএসপি প্রণয়ন, বাণিজ্য সম্প্রসারণ, কৃষি খাতে ভর্তুকি প্রদান, ভূমি ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তিসহ আইন প্রণয়নের ক্ষেত্রে সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, সরকারের গৃহিত উদ্যোগ ও উন্নয়ন কর্মকান্ডের কারণে দেশে বর্তমানে জিডিপির হার সাত শতাংশে উন্নীত হয়েছে। ব্যাংকিং আইনের সংস্কারের কারণে ব্যাংক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, সরকারের গৃহিত পদক্ষেপের কারণে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ বেড়ে গত অর্থবছরে চার দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। পাঁচ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল প্রায় ১৮ হাজার মিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।