২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারের আশা, সংলাপের অগ্রগতি বিবেচনায় নেবেন দুই নেত্রী

দেশের প্রধান দুই রাজনৈতিক দলের দুই শীর্ষ নেত্রী মহাসচিব পর্যায়ে সংলাপে অগ্রগতির বিষয়টি বিবেচনায় নেবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

স্থানীয় এক চিকিৎসকের সাথে চুক্তি স্বাক্ষর উপলক্ষে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ আশাবাদ ব্যক্ত করে বলেন, সংলাপের জন্য দেশে সহায়ক পরিবেশ ছিলো।

তিনি আরও বলেন, ‘উভয় দলের নেত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তাঁরা শিগগিরই ফিরে আসবেন। আমি নিশ্চিত, সংলাপের মাধ্যমে যে অগ্রগতি হয়েছে সে বিষয়টি তারা বিবেচনা করবেন এবং দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটি সমঝোতায় পৌঁছাতে পারবেন’।

আনোয়ার চৌধুরী বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য অধিকাংশ দলই একটি সমঝোতায় পৌঁছাতে পারবে, এমন আশা ও প্রার্থনা সমগ্র জাতির। আন্তর্জাতিক সম্প্রদায় এই দেশের সাথে আছে এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সবকিছুই করছে।

তিনি আশাবাদী এবং দীর্ঘ সময় নিয়ে সংলাপ চলার কারণে তিনি উৎসাহ খুঁজে পাচ্ছেন বলে জানান। 

যদি আলোচনারত দুই মহাসচিব একটি সমঝোতায় পৌঁছাতে অনেক বেশি সময় নেন তবে কি হবে সে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নেতিবাচক বিষয় বলে আমি মনে করি না, এটা ইতিবাচক।

সংলাপ যদি ব্যর্থ হয় তখন কি হবে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত বলেন, এ পর্যায়ে এটা আলোচনা করা প্রয়োজন বলে আমি মনে করি না। কারণ নোবেল পুরস্কার জয়ের কারণে গত শুক্রবার থেকে বাংলাদেশে ভিন্ন পরিবেশ রয়েছে।

তিনি আরও বলেন, ‘ইতিবাচক’ দৃষ্টিভঙ্গি নিয়ে অপেক্ষা করুন। আশা করুন, সংলাপের মাধ্যমে কোন একটি ফলাফল অবশ্যই বেরিয়ে আসবে এবং তা হবে চমৎকার।

ড. ইউনূসের রাজনৈতিক দল গঠনের ঘোষণা সংক্রান্ত মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে তিনি কোন মন্তব্য করবেন না।

তবে তিনি বলেন, ড. ইউনূসের মতো দক্ষতায় পরিপূর্ণ আরও অনেক মানুষ বাংলাদেশে আছেন। তারা যদি সুযোগ পান তবে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পারবেন। নোবেল পুরস্কার এই বিশ্বাস এনে দিয়েছে এবং এমনকি বিদেশিদের কাছ থেকেও আপনাদের কোন সহায়তা নেওয়ার প্রয়োজন নেই।