২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপদোন্নতির পরও সচিবালয়ে ক্ষোভ

ক্ষমতার শেষ পর্যায়ে এসে জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি দিয়ে খুশি করার চেষ্টা ভেস্তে যেতে বসেছে। শুধু রাজনৈতিক বিবেচনাতেই গুরুত্বপূর্ণ এ পদোন্নতিগুলো দেওয়ার অভিযোগে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই এখন ক্ষুব্ধ ও অসন্তুষ্ট। প্রশাসনের শীর্ষ কর্তারা অবশ্য দাবি করছেন সব নিয়ম মেনেই এসব পদোন্নতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 01:39 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

রোববার জনপ্রশাসনের সিনিয়র সহকারী সচিব থেকে ৩৫২ জন কর্মকর্তাকে একযোগে উপ-সচিব পদে এবং পরদিন ২১৪ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেয়া হয়।

রবি ও সোমবার পদোন্নতির প্রজ্ঞাপন জারি হওয়ার পর সচিবালয়ে বঞ্চিত কর্মকর্তা, পদোন্নতির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলনরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রকাশ্যে ক্ষোভ জানাতে দেখা গেছে।

বিভিন্ন পর্যায়ে সৃষ্ট এ ক্ষোভ নিরসনে সরকারের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ না থাকলেও সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

গণপদোন্নতির পরও অনেকে পদোন্নতি না পাওয়ায় প্রশাসনে ক্ষোভ সৃষ্টির অভিযোগের সত্যতা স্বীকার করে সংস্থাপন সচিব ড. মাহবুবুর রহমান বুধবার সাংবাদিকদের বলেন, এর আগে পদোন্নতির ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি বলে, তার ব্যাচের কর্মকর্তারাও এখন সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত আছেন। তিনি জোর দিয়ে বলেন, এরপর থেকে শূন্যতার বিপরীতে তাৎক্ষণিক পদোন্নতি দেওয়া হবে।

বর্তমান পদোন্নতি সম্পর্কে সংস্থাপন সচিব বলেন, অত্যন্ত সুষ্ঠু প্রক্রিয়ায় এবার পদোন্নতি দেয়া হয়েছে। এতে কোন রকমের অনিয়মের আশ্রয় নেয়া হয়নি। বরং বিগত দিনে বঞ্চিত ১৩৫ কর্মকর্তাকেও পদোন্নতি দেয়া হয়েছে। এরপরও অনেকে তার সঙ্গে দেখা করে তাদের পদোন্নতি না পাওয়ার কারণ জানতে চেয়েছেন।

সংস্থাপন সচিব বলেন, ‘আমি তাদের জানিয়েছি, পদোন্নতি একটা চলমান প্রক্রিয়া। বঞ্চিতদের মধ্যে অনেকে পদোন্নতি পেয়েছেন, কেউ বাদ থাকলে তারাও পাবেন। সুযোগ থাকলে তাদের বিষয়টি আবারো বিবেচনা করা হবে’।

ড. মাহবুবুর রহমান আরো জানান, বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) কম নাম্বার পাওয়া সত্ত্বেও শতাধিক কর্মকর্তাকে তাদের লঘু অপরাধের কারণে পদোন্নতি দেয়া হয়েছে। তবে ভবিষ্যতে দোষী সাব্যস্ত হলে সরকারী বিধান অনুযায়ী পদাবনতিসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা জানিয়েছেন, পদোন্নতির ক্ষেত্রে দলীয় বিবেচনাকেই প্রাধান্য দেয়া হয়েছে। চাকুরিতে কনিষ্ঠ হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর দপ্তরের কয়েকজন কর্মকর্তাসহ দলীয় লোকদের পদোন্নতি দেয়া হলেও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাদ দেয়া হয়েছে। এবারো পদোন্নতি বঞ্চিতদের সংখ্যা প্রায় ২০০ বলে তারা জানান।

এদিকে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব আব্দুল খালেক নফহবংি২৪.পড়সকে জানান, সচিবালয়ের ভেতরে বর্তমানে ৬৫৫ জন সহকারী সচিবের পদ রয়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশ ক্যাডার বহির্ভূত কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে পূরণের নিয়ম রয়েছে। এ হিসেবে ক্যাডার বহির্ভূত সহকারী সচিবের পদ রয়েছে মোট ২১৮। কিন্তু বর্তমানে সচিবালয়ে ক্যাডার বহির্ভূত সহকারী সচিব রয়েছে মোট ৮৫ জন। এর মধ্যে ৭০ জন সহকারী সচিব এবং ১৫ জন সিনিয়র সহকারী সচিব। তিনি জানান, প্রধানমন্ত্রী ইতিাধ্যে সচিবালয়ে ক্যাডার বহির্ভূত কর্মকর্তাদের জন্য সহকারী সচিবের ৪২টি পদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না।