২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌদ্দগ্রামে আওয়ামী লীগ-জামায়াত সংঘর্ষে ৪০ জন আহত, সোমবার হরতাল

যুবলীগ কর্মী হত্যার প্রতিবাদে রোববার চৌদ্দগ্রাম বাজারে আওয়ামী লীগ নেতা--কর্মীদের সাথে জামায়াত--শিবির কর্মীদের কয়েক দফা ধাওয়া - পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

ঘটনার পর জামাত--শিবির সোমবার উপজেলায় সকাল--সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবলীগ কর্মী হেদায়েতউল্লাহকে গত ৪ অক্টোবর হত্যার প্রতিবাদে চৌদ্দগ্রাম বাজারে রোববার দুপুর ২টা থেকে আওয়ামী লীগ নেতা--কর্মীদের সাথে জামায়াত--শিবির কর্মীদের ধাওয়া--পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়।

আহতদের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে কুমিল্লা - ১২ (চৌদ্দগ্রাম) আসনের জামায়াত দলীয় সাংসদ ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত যুবলীগ কর্মী হেদায়েতকে ‘দাগী ও কুখ্যাত ডাকাত’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, হেদু নিহত হয়েছে মূলতঃ গণপিটুনিতে। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ ঘটনার জন্য জামায়াত - শিবিরকে দায়ী করছে এবং শনিবার চৌদ্দগ্রাম থানায় ৭০ জন জামাযাত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।

সংবাদ সম্মেলন শেষে দুপুর ২টার দিকে সাংসদ তাহের চৌদ্দগ্রামের নানকড়ায় গেলে আওয়ামী লীগ নেতা--কর্মীরা তাকে ধাওয়া করে এবং তার গাড়ী ভাংচুর করে। এসময় উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েক জন নেতা--কর্মী আহত হয়।

এদিকে চৌদ্দগ্রামে সংঘর্ষের পর বিকেল তিনটা থেকে আওয়ামী লীগ নেতা--কর্মীরা ঢাকা--চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সংঘর্ষের খবর কুমিল্লা এসে পৌঁছালে আওয়ামী লীগ কর্মীরা বিকেল ৪টা থেকে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায়ও মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে কুমিল্লা--ঢাকা, কুমিল্লা--চট্টগ্রাম, কুমিল্লা--চাঁদপুর ও নোয়াখালী জেলার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এছাড়া যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লা শহরেও আওয়ামী লীগ নেতা--কর্মীরা বেশ কয়েক দফায় বিক্ষোভ মিছিল করেন। ইফতারের আগে পুলিশ ও স্থানীয় প্রশাসনের

আশ্বাসের প্রেক্ষিতে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করা হয়।

তবে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।