লালমনিরহাটে আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষে অর্ধশতাধিক আহত, হরতাল প্রত্যাহার ( আপডেট)
সদর উপজেলার আলোকদিঘী এবং বিদ্যাবাগিস গ্রামে শুক্রবার সকালে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
এর প্রতিবাদে জেলা আওয়ামী লীগ লালমনিরহাট শহরে শনিবার অর্ধদিবস হরতাল আহ্বান করলেও পবিত্র রমজানের কথা ভেবে পরে তা প্রত্যাহার করে নেয়া হয়। হরতাল প্রত্যাহারের ঘোষনা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, নির্দিষ্ট সময়ের আগেই মাইকে সেহরী খাওয়ার ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে কুলাঘাট ইউনিয়নের আলোকদিঘী এবং বড়বাড়ি ইউনিয়নের বিদ্যাবাগিস গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে গুরতর আহতরা হলেন রুহুল আমিন, লুৎফর রহমান, জসিমুদ্দিন, কাচু মাহমুদ, আব্দুর রহমান, আশরাফুল আলম, জয়নাল, এনামুল, সিরাজুল, দেলোয়ার, শহীদুল্লাহ, রফিকুল ও লাল মিয়া। তাদের লালমনিরহাট সদর হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান জানান, ৫/৬ মাস আগে কুলাঘাট ইউনিয়নের শতাধিক বিএনপি কর্মী আওয়ামী লীগে যোগদান করে। তারই প্রতিশোধ নিতে সামান্য অজুহাতে সাত্তার, ছালাম এবং হাবিবের নেতৃত্বে বিএনপির কর্মীরা এই হামলা চালিয়েছে।
তবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর এপিএস সাইফুল ইসলাম এ ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে।
