বাবর, পিন্টু, এবং আইজিসহ ৭০০ পুলিশের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত
বাংলামটরে আবু সাঈদ চৌধুরীর বাড়ির সামনে ১৪ দলের রাজনৈতিক কর্মসূচিতে হামলাসহ হত্যা প্রচেষ্টার অভিযোগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাংসদ নাসিরউদ্দিন পিন্টু, পুলিশের মহাপরিদর্শক আনোয়ারুল ইকবাল এবং ৭ শতাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পী ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পিন্টু, পুলিশের আইজি, অতিরিক্ত আইজি, ঢাকার পুলিশ কমিশনার, র্যাবের মহাপরিচালকসহ ১শ’ ১৬ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। শুনানির পর ম্যাজিষ্ট্রেট এবিএম আবুল ফাত্তাহ বিষয়টির ওপর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
অভিযোগে বলা হয় ঐ দিন বিভিন্ন দাবিতে ১৪ দলের রাজনৈতিক কর্মসূচিতে শান্তিপূর্ন সংবিধান সম্মত সমাবেশ শেষে বাদিনী ও সাক্ষীগণ বাসায় ফেরার পথে পেছন থেকে নম্বর প্লেট লাগানো ও নম্বর প্লেট বিহীন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ তাদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, ইট-পাটকেল এবং লাঠি নিয়ে আক্রমণ করে।
বাদিনী অভিযোগ করেন, ডিসি (দক্ষিণ) আওরঙ্গজেব মাহবুবসহ বেশ কয়েক জন পুলিশ কর্মকর্তা তাকে উদ্দেশ্য করে বলেছেন,‘এই সেই অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী যে আমাদের মন্ত্রী বাবর স্যার, এমপি পিন্টু ভাই ও পুলিশের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে। আজকে বাগে পেয়েছি, বাবর স্যার ও পিন্টু ভাইয়ের কঠোর নির্দেশ অনুযায়ী এই মহিলার হাড় গোড় ভেঙে মামলা করার সাধ জন্মের মত মিটিয়ে দেব’।
এ কথা বলার পর বেশ কয়েক জন পুলিশ বাদিনীকে টানা হেঁচড়া করে লাথি মেরে সাবেক রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের বাসার সামনে ফেলে দেয়। এ সময় ওসি রমনা মাহবুবুর রহমান, ইন্সপেক্টর ডিবি নজরুল ইসলাম, রুহুল আলম ও নূরে আলম বাদিনীকে লাঠি দিয়ে মাথার পেছনে, ঘাড়ে ও শরীরের স্পর্শকাতর জায়গায় আঘাত করে। এ সময় বাদিনীর গলার সোনার চেইন, হাত ঘড়ি, টাকা আসামীরা ছিনিয়ে নেয়।
বাদিনী এ ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। এখানে তার স্পাইনাল কর্ড, দৃষ্টি শক্তির সমস্যা হচ্ছে।
বাদিনী আরজিতে বলেন,সেদিন সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরসহ বেশ কয়েকজনকে একই কায়দায় পুলিশ মারাত্মক প্রহার করে। বাদিনী মনে করেন, লুৎফুজ্জামান বাবর, পিন্টু ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশেই এ হামলা করা হয়েছে।
