সংলাপ নিয়ে আলোচনা করতে বিউটেনিসের বাসায় যাচ্ছেন না মান্নান ভূঁইয়া
মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিসের বাসায় চায়ের দাওয়াতে যাচ্ছেন না বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে জনাব ভূঁইয়া সাফ জানিয়ে দিলেন, সংলাপ নিয়ে আলোচনার জন্য কোনো রাষ্ট্রদূতের বাড়িতে যেতে রাজি নন তিনি।
সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল এবং বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে নিজ বাড়িতে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। আবদুল জলিল সে প্রস্তাব সঙ্গে সঙ্গে গ্রহণ করলেও মঙ্গলবার মান্নান ভূইয়া জানালেন, এ নিমন্ত্রণ তিনি গ্রহণ করছেন না।
দুপুর সাড়ে বারোটায় বেইলি রোডের বাড়িতে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের আরো বলেন, আওয়ামী লীগ সংলাপ চায় না। একারণে দলটি মার্কিন রাষ্ট্রদূতের কথা বলে সংলাপ নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাব ভূঁইয়া বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে চায়ের নিমন্ত্রণ রক্ষায় তার কোনো আপত্তি নেই। তবে এ নিমন্ত্রণের সঙ্গে সংলাপের বিষয়টি সংশ্লিষ্ট বলে মান্নান ভূঁইয়া এতে অংশ নিতে অপারগতা জানান। তিনি আরো জানিয়েছেন, সঙ্কট নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে।
