সংলাপপরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন: দলীয় নেতা-কর্মীদের প্রতি এরশাদ
বিএনপি ও আওয়ামী লীগের মধ্যকার মহাসচিব পর্যায়ের বৈঠকের সাফল্য-ব্যর্থতা পরবর্তী পরিস্থিতির জন্য নিজ দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ।
দলীয় নেতা-কর্মীদের জন্য রাজধানীর এক হোটেলে সোমবার আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এরশাদ এ আহ্বান জানান।
জাতীয় পার্টি ওই সংলাপে অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় এরশাদ আক্ষেপ করে বলেন, ‘প্রধান দুই দলের আচরণ দেখে মনে হয়, দেশ কেবল দুটি শিবিরেই বিভক্ত।’
সংলাপের সফলতা আশা করে এরশাদ একইসাথে সম্ভাব্য যেকোন পরিস্থিতির জন্য দলীয় নেতা--কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ এমপি বলেন, ১৯৯০ সালে ‘ক্ষমতা হস্তান্তরের’ পর থেকে তার দলের নেতা-কর্মীরা অব্যাহত নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি ‘দেশ সেবা’র জন্য প্রস্তুত থাকতে তাদের প্রতি আহ্বান জানান।
প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ বলেন, জাতীয় সংসদে যেসব দলের প্রতিনিধি রয়েছে সে দলগুলোর অংশগ্রহণ ছাড়া সংলাপ সফল হতে পারে না।
ইফতার মাহফিলে জাতীয় পার্টির মহাসচিব রহুল আমিন হাওলাদারও বক্তব্য রাখেন।
