বিদ্যুৎ ও ন্যুনতম মজুরি ঘোষণার দাবিতে ৪ অক্টোবর ৫ বাম দলের বিক্ষোভ
বিদ্যুৎ সংকট নিরসন, গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি ৩ হাজার টাকা ঘোষণা, ঈদের আগে বকেয়া বেতন--বোনাস প্রদান এবং অগণতান্ত্রিক শ্রম আইন বাতিলের দাবিতে গণমুক্তি আন্দোলন ও ৫ বামদল যৌথভাবে ৪ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করবে।
গণমুক্তি আন্দোলন ও ৫ বাম দলের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের যুক্তবিবৃতিতে সোমবার এ কর্মসূচি ঘোষণা করা হয়। নগরীর মুক্তাঙ্গনে বুধবার বিকেল সাড়ে তিনটায় তারা এই কর্মসূচি পালন করবে।
বিবৃতিতে বলা হয়, জোট সরকারের সীমাহীন চুরি,দূর্নীতি, লুটপাট ও অনিয়মের ফলেই দেশে চলমান বিদ্যুৎ সংকটের সৃষ্টি হয়েছে। বিগত পাঁচ বছরে জোট সরকার ১৪ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে বরাদ্দ করলেও তা দিয়ে ১ মেগাওয়াট বিদ্যুও উৎপাদন করতে পারেনি। পুরাতন বিদ্যুৎ কেন্দ্র মেরামত এবং নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এই টাকা ব্যায় না করে সরকার দলীয় এমপি, মন্ত্রী, আমলা ও ব্যাবসায়ীরা এই টাকা লুটপাট করেছে।
এছাড়া বিদ্যুৎ সংকটের জন্য দায়ী মন্ত্রী ও আমলাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণের জন্যও বিবৃতিতে দাবি জানানো হয়।
