কয়েক হাজার আ. লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা জানিয়েছেন আব্দুল জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি রোববার জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদসহ মীরপুর ও পল্লবী থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।
আব্দুল জলিল রোববার এক বিবৃতিতে বলেন, ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, পানি ও গ্যাসের দাবিতে ঢাকার মীরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। এই আন্দোলনের সাথে দলীয় রাজনীতির কোনও সংশ্রব নেই।
সরকার অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে অত্যাচার, নির্যাতন ও হয়রানি করছে বলে আব্দুল জলিল অভিযোগ করেন।
মীরপুর ও পল্লবী এলাকায় ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, পানি ও গ্যাসের দাবিতে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ওই ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিন-চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
