সংলাপে আওয়ামী লীগের লক্ষ্য সংস্কার প্রস্তাব বাস্তবায়ন
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ রোববার বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যেই ক্ষমতাসীন দলের সাথে তারা সংলাপে বসতে যাচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, ‘সংস্কার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যেই আমরা ক্ষমতাসীন দলের সাথে সংলাপে বসতে যাচ্ছি।’
‘নির্বাচনী প্রক্রিয়া এবং তত্ত্ববধায়ক সরকার: অভিজ্ঞতার আলোকে সংস্কার’ শীর্ষক এক সেমিনারে আব্দুল জলিল বলেন, আগামী সাধারণ নির্বাচন সংস্কারের ভিত্তিতেই হতে হবে। ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার এ সেমিনারের আয়োজন করা হয়।
সরকার বিরোধী ১৪ দলের সমন্বয়কারী আব্দুল জলিল আরও জানান, প্রধান বিচারপতি কেএম হাসানের সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ এবং অন্যান্য নির্বাচন কমিশনারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন তারা মানবেন না।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মহাসচিব পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে। দীর্ঘপ্রতীক্ষিত এই সংলাপ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সূত্রপাত ঘটায়।
