২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলার সুযোগ পেলে ষড়যন্ত্র ফাঁস করে দেবো - বাংলা ভাই

মানুষের তৈরি আদালতে মৃত্যুদণ্ডাদেশ থেকে অব্যাহতি চাওয়াকে স্রষ্টার সঙ্গে অংশীদারিত্ব মনে করেন শীর্ষ দুই জঙ্গি নেতা। তবে উচ্চ আদালতে কথা বলার সুযোগ পেলে ষড়যন্ত্রকারীদের স্বরূপ উন্মোচন করতে পারবেন বলে দাবি করেছেন বাংলা ভাই। আর শায়খ মনে করেন, শুধু অস্ত্রের মাধ্যমেই কেবল প্রকৃত ইসলামের প্রতিষ্ঠা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

নিজের ভাষায় ও বানানরীতিতে কোরান-হাদিস উদ্ধৃত করে লেখা এ চিঠি আপিল হিসেবে বিবেচিত হবে কি-না তা আদালতই শুধু বলতে পারবেন। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি ১৫ অক্টোবর উল্লিখিত হওয়ার কথা রয়েছে ।

শীর্ষ দুই জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই ধরা পড়বার পর থেকেই জনসমক্ষে কথা বলতে চেয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হতে চেয়েছেন। সে সুযোগ তারা পাননি। আপিল আবেদনের নামে সাদা কাগজে নিজ নিজ হাতে লেখা ছয় ও সাত পাতার চিঠিতেই নিজেদের কথা জানালেন তারা।

আঁকাবাঁকা হাতের লেখায় ছয় পৃষ্ঠা ঠাসবুনোন লেখার শুরুতেই বাংলা ভাই বলেছেন, ‘আমি দৃঢ়তার সাথে জানাতে চাই এ মৃত্যু দন্ডাদেশ মওকুফ করার ব্যাপারে কোন প্রকার তাগুতের কোর্টে আপিল করিব না । হ্যাঁ; তবে বাংলাদেশ সুপ্রীম কোর্ট যদি আমাকে সশরীরে উপস্থিত হয়ে আমার নিজস্ব যুক্তি প্রদর্শন করার সুযোগ দেন তাহালে আমি আমার হয়রানি ও ষড়যন্ত্র চক্রের মুখোশ উন্মোচন করার জন্য যথাযথ যুক্তি উপস্থাপন করবো ইন্শাল্লাহ।

প্রচলিত আদালত ব্যবস্থার প্রতি অনাস্থা জানিয়ে বাংলা ভাই আরো বলেন, ‘যদি ইসলামী শরিয়া বোর্ড গঠন করে আমার এ মামলার শুনানি করা হয় তাহলে আমি বিচার প্রার্থী হবো, অন্যথায় তাগুতের আইনে বিচার প্রার্থী হয়ে ঈমান হারাইয়া শাহাদতের অমিয় সুধা পানের সুবর্ণ সুযোগ হাত ছাড়া করতে চাই না’।

শায়খ আবদুর রহমান একই ধরনের কাগজে গোটা গোটা অক্ষরে লেখা সাত পাতা চিঠিতে বলেন, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে সশস্ত্র যুদ্ধ ছাড়া অন্য কোনো উপায়  নেই।

নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, আল্লাহর বিধানকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য সশস্ত্র জিহাদ ছাড়া অন্য কোন পন্থা কোরান---হাদীসে নাই বা কোন মুহাফেক আলেম গণের এমন কোন ফতোয়া নাই যে সশস্ত্র জিহাদ ছাড়া অন্য পন্থায় দ্বীন প্রতিষ্ঠা যায়েজ। বরং হিজরী ১৩০০ বৎসর পর্যন্ত দ্বীন প্রতিষ্ঠার জন্য সশস্ত্র জিহাদ ছাড়া অন্য কোন সহজ পদ্ধতি আবিষ্কার হয় নাই।

এ প্রসঙ্গে হযরত মুহাম্মদ (স.) এর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তার ১০ বৎসর সময়ে ১০৫টি যুদ্ধ করেছেন এবং এর মধ্যে নিজে ২৭টি যুদ্ধে অংশ নিয়েছেন। এভাবেই তিনি যুদ্ধের মাধ্যমে আল্লাহর দ্বীন পূর্ণভাবে প্রতিষ্ঠা করেছিলেন। এবং তাঁর উম্মত দেরকে নির্দেশ দিয়েছেন এভাবে যুদ্ধের দ্বারাই দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। অন্য কোন পন্থায় নয়’।

বিচারকদের উদ্দেশ্যে শায়খ বলেছেন, ‘মানুষ মানুষের প্রভু নয় বলে মানুষকে শ্বাসন করার জন্য মানুষ কোন আইন বা বিধান তৈরী করতে পারে না। মানুষ শুধু আল্লাহর দেয়া বিধান বাস্তবায়ন করতে পারে। অতএব যারা আল্লাহর দেয়া বিধানকে বাদ দিয়ে নিজেরা বিধান তৈরি করে এবং তা দেশের জনগনের উপরে চাপিয়ে দেয় তারা ফেরাউনের মত মানুষের প্রভুত্বের দাবীদার হলো’।