২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার অতিথি ভবন পদ্মায় ‘সংলাপ’

দুই প্রধান রাজনৈতিক দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের মধ্যে সরাসরি আলোচনা শেষ পর্যন্ত মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিতব্য এই ‘সংলাপ’-এর মূল উদ্দেশ্য হবে নির্বাচন ব্যবস্থার প্রস্তাবিত সংস্কার নিয়ে সমঝোতায় পৌছানো। আবদুল মান্নান ভুঁইয়া এবং আবদুল জলিলের সহকর্মীরা বলছেন, বৈঠক শুরুর সম্ভাব্য সময় সকাল ১১টা। এবং বেশ কয়েকদিন ধরেই চলতে পারে এই আলোচনা।  ঊর্ধতন রাজনৈতিক সংবাদদাতা সুমন মাহমুদ এর প্রতিবেদনে রয়েছে বিস্তারিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

শেষ পর্যন্ত প্রধান দুই রাজনৈতিক দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের মধ্যে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি হবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।

শনিবার সন্ধ্যায় আবদুল জলিলের সাথে মান্নান ভূঁইয়ার দ্বিতীয় দফা টেলিফোন আলোচনায় সংলাপ অনুষ্ঠানের এই দিনক্ষণ ঠিক হয়। রোববার দুপুরে দুই দলের দায়িত্বশীল সূত্র সংলাপের দিনক্ষণ নির্ধারণের বিষয়টির সত্যতা স্বীকার করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  বিএনপি মহাসচিব সূত্রে জানা গেছে, মঙ্গলবারের বৈঠকটি সম্ভবত সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সোমবার আবারও টেলিফোন করে সময়সূচি চূড়ান্ত হওয়ার কথা।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অচলাবস্থা নিরসনে কমনওয়েলথ প্রতিনিধি স্যার নিনিয়ান স্টিফেনের মধ্যস্থতায় অতিথি ভবন পদ্মায় সংলাপ অনুষ্ঠিত হয়। তবে কোনো সমাধান ছাড়াই সেই সংলাপের ইতি ঘটে।

এদিকে বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া রোববার রাতে তারেক রহমান এবং অন্তত পাঁচজন সিনিয়র মন্ত্রীর সাথে বৈঠক করে আওয়ামী লীগের সংস্কার প্রস্তাবের বিষয়বস্তু ও আইনগত দিক নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, পরিবেশমন্ত্রী তরিকুল ইসলাম, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মাহবুব উদ্দিন আহমদ প্রমুখ অংশ নেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্র“য়ারি আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারে ৩২ দফা দাবি উত্থাপন করেন। এ নিয়ে জনমত গঠনে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গত বছর জুলাই মাস থেকে আন্দোলন করে আসছে।

জানা গেছে, গত দুই দিনে জনাব মান্নান ভূঁইয়া ও আবদুল জলিল তাদের দুই দলের নীতিনির্ধারকসহ আইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সম্ভাব্য পরামর্শ নিচ্ছেন। ইতোমধ্যে আবদুল জলিল সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সাথে কথা বলেছেন। জনাব মান্নান ভূঁইয়াও কয়েকজন সংবিধান বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন বলে একটি সূত্র জানান।

বিএনপি মহাসচিব চারদলীয় জোটের শরিকদের মহাসচিবদের সাথে সোমবার বৈঠক করবেন। সেখানে তিনি আওয়ামী লীগের সাথে সংলাপে বসার বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় পরামর্শ নেবেন।

বিএনপির নীতিনির্ধারক একাধিক সিনিয়র মন্ত্রীর সাথে আলাপ করে জানা গেছে, সংস্কার প্রস্তাব নিয়ে দুই দলের মধ্যে কয়েকদিন আলোচনা হবে। আলোচনায় নির্ধারিত কোনো বিষয়বস্তু না থাকলেও আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী আইনের সংস্কার ও নিরপেক্ষ প্রশাসন গঠনের কর্মকৌশলের মধ্যে আলোচনা সীমাবদ্ধ থাকবে। আলোচনায় আওয়ামী লীগসহ ১৪ দলের উত্থাপিত ৩২ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তনের বিষয়টি দুই দলই একটি সমঝোতায় পৌঁছানো।

উল্লেখ্য, সিঙ্গাপুর থেকে ফিরে গত শুক্রবার বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলকে টেলিফোন করে আনুষ্ঠানিক প্রস্তাবের মাধ্যমে সংলাপের বসার আহ্বান জানান।