২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহের মধ্যে ফুলবাড়ী চুক্তি বাস্তবায়িত না হলে নতুন কর্মসূচি

আগামী এক সপ্তাহের মধ্যে ফুলবাড়ী চুক্তি বাস্তবায়িত না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল ও ফুলবাড়ীতে সমাবেশসহ নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে একথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল¬াহ, সদস্য সচিব আনু মুহাম্মদ, কেন্দ্রীয় নেতা বিচারপতি গোলাম রব্বানী, রুহিন হোসেন প্রিন্স, নূর মোহাম্মদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে কমিটির নেতারা জানান, ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া চিঠিতে চুক্তির মাস পূর্তির মধ্যে তা বাস্তবায়নের জন্য তাগিদ দেওয়া হয়। আমরা জানতে পেরেছি, চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশও দেওয়া হয়েছে।

কিন্তু মন্ত্রণালয় এক মাসের মধ্যে চুক্তি বাস্তবায়নে বাস্তবমুখী কোন পদক্ষেপ নেয়নি। একইসাথে এশিয়া এনার্জির সাথে চুক্তি বাতিল সম্পর্কে সরকারের বক্তব্যও বিভ্রান্তিকর। এ ব্যাপারেও সরকারকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।

নেতারা জানান, এ অবস্থায় আগামী এক সপ্তাহের মধ্যে চুক্তি বাস্তবায়িত না হলে কমিটি নতুন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।