একমাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিবের রেকর্ড!
প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব খোন্দকার শহীদুল ইসলাম এক মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে রেকর্ড গড়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে খোন্দকার শহীদুলের এ নিয়োগ ১ নভেম্বর শেষ হয়ে যাবে। সরকারের একটি ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে, এ প্রথম একমাসের জন্য কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
সূত্র জানিয়েছে, ক্ষমতার শেষ দিনটি পর্যন্ত নিজ দপ্তরে খোন্দকার শহীদুলকে চান বলে খালেদা জিয়া নিজে উদ্যোগী হয়ে শেষ সময়ের এ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার ব্যবস্থা নেন। রোববার এ প্রবীণ কর্মকর্তার মেয়াদের শেষ দিন ছিল।
খোন্দকার শহীদুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি শিগগিরই বিএনপিতে যোগ দিয়ে আগামী সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন নেবেন।
