২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ ও বাংলা ভাইয়ের ফাঁসির কার্যকরিতা স্থগিত

ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেএমবি এর দুই শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই এর ফাঁসি কার্যকর স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 04:53 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

কারাগার থেকে পাওয়া শর্তযুক্ত আবেদন নথিভুক্ত করে শায়খ ও বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর স্থগিত  করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার।

রোববার দুপুর ১টায় শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের হাতের লেখা ১২ পৃষ্ঠার আবেদন কারা কর্তৃপক্ষ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার অফিসে পাঠিয়ে দেয়। রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুল করিম আবেদন দু’টি পরীক্ষা করে জেল আপিল হিসেবে নথিভুক্ত করেন। জেল আপিল দুটির নম্বর ৭/০৬ ও ৮/০৬।

রেজিস্ট্রার ফজলুল করিম বিডিনিউজকে জানান, প্রধান বিচারপতির অনুমতি নিয়ে শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের আবেদন জেল আপিল হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর সুপ্রিমকোর্টের নিয়মিত বেঞ্চ বসলে সেখানে এ দুটি আপিল হিসেবে নেওয়ার বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে।

এদিকে দুই শীর্ষ জঙ্গির আবেদন নথিভুক্ত করে রেজিস্ট্রার সুপ্রিমকোর্টের রুলস অনুযায়ী তাদের ফাঁসির রায় কার্যকর স্থগিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছেন। এই নিয়ে বিচারক হত্যা মামলায় চার জঙ্গির ফাঁসি কার্যকর স্থগিত করা হলো।

এর আগে বোমা হামলাকারী মামুন ও খালেদ সাইফুল্লাহ আপিল করলে তাদের ফাঁসি কার্যকর স্থগিত হয়ে যায়। অপর দুই জঙ্গি আতাউর রহমান সানি ও আবদুল আউয়াল এখনো কোন আপিল করেনি। অপর মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি আরিফ পলাতক রয়েছে। 

আইনমন্ত্রী মওদুদ আহমদ ইতোপূর্বে বলেছিলেন যেসব জঙ্গি আপিল করবে না বা যাদের ফাঁসি কার্যকর স্থগিত হবে না তাদের ফাঁসি বর্তমান সরকারের আমলেই কার্যকর করা সম্ভব হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা বলেছেন, শীর্ষ দুই জঙ্গির আবেদন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার নথিভুক্ত করেছেন। সুপ্রিমকোর্টের বিধি অনুযায়ী তাদের ফাঁসি কার্যকর স্থগিত থাকবে। আতাউর রহমান সানি ও আবদুল আওয়াল যেহেতু আপিল করেনি তাদের ফাঁসি কার্যকর করতে কোন বাধা থাকবে না। তবে বিলম্বের উপযুক্ত কারণ দেখিয়ে জেল কর্তৃপক্ষ যদি বিবেচনা করে তাহলে এর পরও আপিল করতে পারে। যারা আপিল করেছে তাদের আপিলের জন্য পেপারবুক তৈরী হবে। আপিলকারীদের জন্য সরকার আইনজীবী নিয়োগ করবে। এরপরএ নথি প্রধান বিচারপতির কাছে যাবে প্রয়োজনীয় আদেশের জন্য। প্রধান বিচারপতি এসব আপিল শুনানীর জন্য বেঞ্চ গঠন করবেন ও শুনানির তারিখ নির্ধারণ করবেন। ১৫ থেকে ১৯ অক্টোবরের মধ্যে এই শুনানি হতে পারে বলে তিনি অভিমত দেন।

এদিকে ফৌজদারি আইন বিশেষজ্ঞ আনিসুল হকের মতে, শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই শর্তযুক্ত যে আবেদন করেছেন তা আপিল হিসেবে গ্রহণ করা বেআইনী হবে।

ডেপুটি এ্যাটর্নী জেনারেল হেলালউদ্দিন মোল্লাও বলেছেন, যেভাবে আপিলগুলো এসেছে তা সুপ্রিমকোর্টে প্রত্যাখ্যান করা হবে।

গত ৩১ আগস্ট হাইকোর্ট জেএমবি এর শীর্ষ সাত জঙ্গির মৃত্যুদন্ডাদেশ নিশ্চিত করে।

এর আগে ২৯ মে ঝালকাঠির আদালত সাত জঙ্গিতে মৃত্যুদন্ড প্রদান করে।

গত বছর ১৪ নভেম্বর জেএমবি বোমা হামলা চালিয়ে দুই বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে কে হত্যা করে।