২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চুরির পরিকল্পনা বাদ দিয়ে সংস্কার প্রস্তাব মানুন: শেখ হাসিনা

ভোট চুরির পরিকল্পনা বাদ দিয়ে সংস্কার প্রস্তাব মেনে নিন। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে  বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা দুই দলের সাধারণ সম্পাদক-মহাসচিব পর্যায়ে সংলাপের প্রসঙ্গ টেনে রোববার একথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 04:17 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

‘ভোট চুরির চিন্তা বাদ দিয়ে আমাদের সংস্কার প্রস্তাব মেনে নিন। এমনিতেই আলোচনার নামে অনেক সময় নষ্ট করেছেন, আর না’। নির্বাচন প্রক্রিয়া ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আয়োজিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত এক সেমিনারে শেখ হাসিনা একথা বলেন।

আওয়ামী লীগের প্রধান প্রশ্ন করেন, আত্মবিশ্বাস থাকলে সংস্কারকে ভয় পান কেন? তার মতে, ‘কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতে নয়, সংস্কার প্রয়োজন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য’।

হাসিনা আরো বলেন, নির্বাচনে জিততে পারবে না বলেই খালেদা জিয়ার সরকার সব গুরুত্বপূর্ণ পদকেই বিতর্কিত করে তুলছে।  শেখ হাসিনা আরো বলেন, সংস্কার নিয়ে সংলাপের পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল রাজপথের আন্দোলন চালিয়ে যাবে।

বিচারপতি কে এম হাসান ও বিচারপতি এম এ আজিজের বিরুদ্ধে নিজ দল ও জোটের অবস্থান আবারো স্পষ্ট করে শেখ হাসিনা বলেছেন, এ দুজন  নিরপেক্ষ বা নির্দলীয় নন। নির্বাচন কমিশনার স ম জাকারিয়াও চরম বিতর্কিত। তিনি পুরো নির্বাচন কমিশনেরই পুনর্গঠন দাবি করেন। 

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের অস্বাভাবিক বৃদ্ধির জন্য শেখ হাসিনা জোট সরকারের তীব্র সমালোচনা করেছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জিল্লুর রহমানের সভাপতিত্বে এ সেমিনারে দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, এবং বাংলাদেশ অবজারভÍ এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন।