২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতখাতে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

বিদ্যুত সংকটের দায় নিয়ে বিদ্যুত প্রতিমন্ত্রীর পদত্যাগের পর বিরোধী দলের সদস্যরা ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সরকারের পদত্যাগ দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 03:26 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

রোববার সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত বিতর্কে অংশ নিয়ে বিরোধী দল আওয়ামী লীগের সদস্যরা এ দাবি জানান।

বিদ্যুত প্রতিমন্ত্রীর পদত্যাগ ছাড়াও রোববার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুত সংকট নিয়ে সংসদে অনির্ধারিত বির্তক হয়।

জাতীয় পার্টির সদস্যরা অনির্ধারিত বিতর্কে অংশ নিয়ে রংপুর উন্নয়ন পরিষদের সকল দাবি না মানায় রওশন এরশাদের নেতৃত্বে সংসদ থেকে প্রতীকী ওয়াকআউট করেন।

স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে রোববার সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধানের ৫৮(১) বিধি অনুযায়ী একজন মন্ত্রীকে বরখাস্ত করার আগে পদত্যাগ করার জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দেবেন। যদি তিনি পদত্যাগ করতে অপারগ হন, তবে তাকে বরখাস্ত করা যেতে পারে। কিন্তু মন্ত্রী নিজেই যেখানে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, সেখানে তাকে বরখাস্ত করার কোন প্রয়োজন নেই।

তিনি বলেন, বিদ্যুত সংকট নিরসনে ব্যর্থতার কারণে মন্ত্রীর এই পদত্যাগের সিদ্ধান্ত অভিনন্দনযোগ্য। কিন্তু এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে প্রধানমন্ত্রী নিজেই রয়েছেন বলে তার ও তার সরকারের পদত্যাগ করা উচিত।

রওশন এরশাদ রংপুর উন্নয়ন পরিষদের সকল দাবি বাস্তবায়ন না হওয়ায় ওয়াকআউট করার ঘোষণা দিয়ে বলেন, পরিষদের আহ্বানে ৩০ সেপ্টেম্বর সেখানে স্বত:স্ফুর্ত হরতাল পালিত হয়েছে। কিন্তু পরিষদের সকল দাবি মানা হয়নি। এ কারণে আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।

আওয়ামী লীগের সাংসদ আবদুর রাজ্জাক উত্তরায় শনিবার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের কারণে সৃষ্ট যানজট ও শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনের ব্যাপারে মন্ত্রীর বিবৃতি দাবি করেন।

অ্যাডভোকেট রহমত আলী পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বি দামের জন্য সরকারের সমালোচনা করে বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এজন্য দেশের মানুষের সীমাহীন দূর্ভোগ হচ্ছে।

কর্নেল (অব.) ফারুক খান রমজান ও পুজায় বিদ্যুত না থাকায় অন্ধকারে মানুষকে পুজা ও রোজা করতে হচ্ছে বলে অভিযোগ করে বলেন, মানুষ শুধু প্রতিমন্ত্রীর নয়, প্রধানমন্ত্রী ও জোট সরকারের পদত্যাগ চায়।

বিএনপি সাংসদ জয়নাল আবেদীন ফারুক ন্যাম ফ্লাট থেকে গাড়ীর যন্ত্রাংশ চুরির অভিযোগ করে এ ব্যাপারে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়াও পয়েন্ট অব অর্ডারে আলোচনায় অংশ নেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, শাজাহান খান, মোতাহার হোসেন শহীদুল ইসলাম মাষ্টার ।