২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকার জন্য লোক গণনা সম্পূর্ণ অবৈধ, হাই কোর্টের রায়ের লংঘন : বৈঠকে বিশেষজ্ঞবৃন্দ

রাজধানীতে মঙ্গলবার আয়োজিত এক বৈঠকে বক্তারা বলেছেন, ভোটার তালিকার জন্য নির্বাচন কমিশনের (ইসি) লোক গণনা সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক এবং হাইকোর্টের রায়ের লংঘন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, বর্তমান ভোটার তালিকা থেকে ৮৬ লাখ ভোটারের নাম মুছে ফেলতে সরকারের সাথে যোগসাজশে নির্বাচন কমিশন সাজানো ভোটার তালিকা প্রস্তুত করছে। নির্বাচনে ভোট কারচুপির করতে সরকার দুইজন বিতর্কিত লোককে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। তাদের নিয়োগও অসাধু ও উদ্দেশ্যপ্রণোদিত।

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের (এসসিবিএ) দক্ষিণ হলে এসসিবিএ আয়োজিত ‘গণতন্ত্র এবং অবাধ, স্বচ্ছ ও কারচুপিমুক্ত নির্বাচন: বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত করণীয়’ শিরোনামের মত বিনিময় সভায় ব্যারিস্টার আমিরুল ইসলাম এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এসসিবিএ’র সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম।

গণবিরোধী সরকারের পতন ঘটানোর মাধ্যমে বিপদগ্রস্ত সংবিধানকে রক্ষা করতে পেশাজীবি সংগঠন ও জনগণের বিচ্ছিন্ন আন্দোলনের পরিবর্তে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার উপর ব্যারিস্টার আমিরুল ইসলাম গুরুত্বারোপ করেন।

বিচারপতি গোলাম রব্বানী সংবিধান সংশোধন করে তাতে রাজনৈতিক সরকারের ক্ষমতা হস্তান্তরের ১৮০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস করার ধারা অন্তর্ভূক্ত করার পক্ষে মতামত ব্যক্ত করেন।

গোলাম রব্বানী বলেন, রাজনৈতিক সরকারের ক্ষমতা হস্তান্তরের ১৮০ দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বর্তমান সরকারের সকল অশুভ তৎপরতা প্রথম ৯০ দিনের মধ্যে উন্মোচন করা হবে এবং অবশিষ্ট ৯০ দিনে নির্বাচন আয়োজন করতে হবে।

মত বিনিময় সভায় অন্যান্যর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী, এসসিবিএ’র সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াজির ফারুক, এসসিবিএ সাধারন সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু প্রমূখ উপস্থিত ছিলেন।