২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা: ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ যাচাই বাছাইয়ের সময় বর্ধিত

একজন নির্বাচন কমিশনারের অভিযোগের পর নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই’র কাজ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পূর্ববর্তী সময়সূচি অনুয়ায়ী ভোটার তালিকার জন্যে তথ্য সংগ্রহ কাজের শেষ সময়সীমা ছিল ৩১ জানুয়ারি (মঙ্গলবার)।

নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলীর ভেটো দেয়া ফাইল পেয়ে নির্বাচন কমিশন এক তাৎক্ষণিক ডাকা মিটিং-এ সময় বর্ধিত করার এই সিদ্ধান্ত গ্রহণ করে।

জানুয়ারি ১ তারিখ থেকে এই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছিল।

নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ঈদুল আযহার সরকারি ছুটি এবং হজ্ব, বিশ্ব ইজতেমা, বিভিন্ন স্কুলে পরীক্ষা থাকায় তথ্য সংগ্রহের কাজ ব্যাহত হয়।

এ কারণে দেশের বিভিন্ন এলাকায় ভোটার যোগ্য কিছু ব্যক্তির তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। এই সব ভোটার যোগ্য ব্যক্তিদের প্রত্যেকে যাতে ভোটার হতে পারেন সেজন্য তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই’র সময় ২০ ফেব্রুয়ারি ২০০৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ দুই মাস পর মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে হাই কোর্টের আদেশ সম্পর্কে বলেন, বিষয়টি শুধূমাত্র আদেশ, কোন আইন নয়। অতএব এ বিষয়টি মানার ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই।

নির্বাচন কমিশন কেন এই আদেশের ব্যাপারে আপিল করল সে প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের অনিশ্চয়তা দূর করতে আপিলটি করা হয়েছে।

তার অসুস্থ্যতার ব্যাপারে প্রশ্নে বিচারপতি আজিজ জানান, সারাদিন ধরেই আধাঘন্টা পরপর তাকে একটুকরে হাঁটতে হয়।

একজন অসুস্থ্য ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনের পদে থাকতে পারেন না, আওয়ামী লীগের এ ধরণের বক্তব্যের ব্যাপারে তিনি কোন প্রকার মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বুধবার কমিশন আপিলটি দায়ের করতে পারে।