২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচনে প্রার্থী যেই হোন না কেন তার পক্ষে কাজ করতে হবে ঃ দলীয় সমর্থকদের প্রতি হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিক না কেন তার পক্ষেই কাজ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

শেখ হাসিনা বলেন, ‘আপনাদের সকল কোন্দল ভুলতে হবে। দলই মনোনয়ন দেবে- নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করবে। এমনকি একটি কলা গাছও যদি নৌকা প্রতীকে মনোয়ন পায় তবে তাকেই ভোট দিতে হবে।

দলের ধানমন্ডি কার্যালয়ে মঙ্গলবার বিকেলে সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) এম আবু তাহের, ফরিদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিলু ও সাবেক সচিব ফজলুর রহমান কয়েক শতাধিক সমর্থকসহ আওয়ামী লীগে যোগদান করতে এলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ আহবান জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রক্রিয়াধীন ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন হতে দেওয়া হবে না।

নির্বাচনে বিএনপি-জামাত জোটের কালো টাকা বিতরণের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ক্ষমতাসীন জোটের বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘু ভোটারদের চলমান ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

নির্বাচন প্রক্রিয়া কুক্ষিগত ও পুনরায় ক্ষমতায় আসা নিশ্চিত করতে প্রশাসন ও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, জনগণ আর এক মুহূর্তের জন্যে তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না।

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে ১০ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষমতাসীন জোটকে দায়ী করে শেখ হাসিনা বিদ্যুৎ এর দাবিতে দেশের গ্রামীণ জনগণকে জোরদার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

ডতনি বলেন, ‘আমাদের পাঁচ বছরের শাসনামলে জাতীয় গ্রিডে ৪৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছি, যেখানে বিএনপি জামাত জোট এক মেগাওয়াটও জাতীয় গ্রিডে যোগ করতে পারেনি। তিনি প্রশ্ন করেন, কেন জনগণকে বিদ্যুতের জন্যে মরতে হবে।

সরকারের শীর্ষ স্থানীয়রা একের পর এক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চালুর অর্থ ও অনুমোদন কিভাবে পাচ্ছে তা দূর্নীতি দমন কমিশনকে তদন্ত করে দেখার দাবি জানান।

কৃত্রিম ডিজেল ও তেল সংকট সৃষ্টির জন্যে শেখ হাসিনা সরকারের নীতি নির্ধারকদের কঠোর সমালোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, মহিউদ্দীন খান আলমগীর, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।