বিচার বিভাগ পৃথকীকরণে গড়িমসির প্রতিবাদে এসসিবিএ’র মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি
বিচারবিভাগ পৃথকীকরণে সরকারের গড়িমসির প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবে।
সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিচারবিভাগ পৃথকীকরণের জন্যে আরও কয়েক মাস সময় চেয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সোমবার আপিল বিভাগে একটি আবেদন করা হয়।
এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাড. ইনায়েতুর রহিম মঙ্গলবার বিডিনিউজকে জানান, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে সরকার সময় চেয়ে আবেদন জানালে ২০০৫ সালের ২০ অক্টোবর আপিল বিভাগ তা প্রত্যাখ্যান করে। সেই থেকে সরকার আদালত আদেশ পালন না করে আদালত অবমাননা করে আসছে।
তিনি বলেন, আইনজীবীরা এসসিবিএ’র ব্যানারে বুধবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কালো পতাকা প্রদর্শন করবে।
সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন ও বিচার বিভাগ পৃথকীকরণে আরও সময় চাওয়ার প্রতিবাদ জানিয়ে এসসিবিএ সকাল ৮টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচি নিয়েছে।
বিচার বিভাগ পৃথকীকরণে সরকার সময় চেয়ে যে আবেদন জানিয়েছে, বুধবার সে ব্যাপারে আপিল বিভাগে পূর্ণ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
