২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলবিহীন সংসদে দুটি আইন পাস, ফ্লোর না পেয়ে জাপা সাংসদদের ক্ষোভ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বিহীন সংসদের বৈঠকে মঙ্গলবার দুটি বিল পাস হয়েছে। প্রশ্নোত্তর পর্বে ফ্লোর না পেয়ে জাতীয় পার্টির (এরশাদ) সাংসদরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় ডেপুটি স্পিকার প্রতিদিন জাপা সদস্যদের ফ্লোর দিতে অপারগতা প্রকাশ করেন এবং প্রয়োজনে ওয়াক আউট করতে পারেন বলে মন্তব্য করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে বিকেলে সংসদে অধিবেশন শুরু হলে প্রথমেই প্রশ্নোত্তর পর্ব, বাতিল নোটিশের ওপর আলোচনা ও তিনটি নোটিশের নিষ্পত্তি হয়।

প্রশ্নোত্তর পর্বে জাপা’র সাংসদ মসিউর রহমান রাঙ্গা ও হাফিজউদ্দিন আহমেদ ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু তিনি তাদের ফ্লোর দিতে অপারগতা প্রকাশ করেন। এতে জাপা সাংসদরা ক্ষোভ প্রকাশ করেন।

পরে ‘দি সেন্সরশীপ অব ফিল্মস (সংশোধন) বিল, ২০০৬’ ও ‘দি কোর্ট অব ওয়ার্ডস (সংশোধন) বিল, ২০০৬’ সংসদে উপস্থাপন ও পাস করা হয়। বিলগুলোর ওপর একমাত্র জাপা (এরশাদ) সাংসদ গোলাম হাবিব দুলাল আলোচনা করেন।

পরে রাষ্ট্রপতর ভাষণের জন্য ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হয়।

এতে অংশ নেন বিএনপির ফেরদৌস আক্তার ওয়াহিদা, শামসুন্নাহজার খাজা আহসানউল্লাহ, জাপার রাজিয়া ফয়েজ ও জামায়াতে ইসলামীর মুফতি আবদুস সাত্তার।

রাজিয়া ফয়েজ দেশে জঙ্গি তৎপরতাসহ বিরাজমান সমস্যাগুলোর কোনো দিক নির্দেশনা না থাকায় তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, তার ভাষণ সময়োপযোগী হলেও অসম্পূর্ণ।

তবে সরকার দলীয় সাংসদরা রাষ্ট্রপতির ভাষণের ভূয়সী প্রশংসা করে এর জন্য তাকে ধন্যবাদ জানান।

সংসদের অধিবেশন বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মূলতবি করা হয়েছে।