২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্প ধারা ও জাতীয় ঐক্যমঞ্চ’র গণইশতেহার ঘোষণা: চারদলকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান

বিকল্প ধারা ও জাতীয় ঐক্যমঞ্চ যৌথভাবে ‘গণ ইশতেহার’ ঘোষণা করেছে। মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে মঙ্গলবার এ ইশতেহার ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সারা দেশে গণসংলাপ চালানোর পর এই ইশতেহার ঘোষণা করা হলো। ইশতেহারে ২৭ দফা দাবি তুলে ধরা হয়। ঐক্যমঞ্চ ও বিকল্প ধারা নেতারা বলেন, ইশতেহারে সুখী ও সমৃদ্ধ ভবিষ্যত বাংলাদেশের রূপরেখা দেওয়া হয়েছে।

ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন পৃথক বক্তব্যে বলেন, ২৭ দফার ভিত্তিতে চারদলকে বাদ দিয়ে দেশপ্রেমিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গড়ে তুলতে হবে।

এ জন্যে তারা জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। বদরুদ্দোজা চৌধুরী এবং ড. কামাল হোসেন এ আয়োজনে যৌথভাবে সভাপতিত্ব করেন।

অধ্যপক বি. চৌধুরী বলেন, জনগণ লুটেরা, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী সরকারের পরিবর্তন চায়। জনগণ তাদের হাত থেকে দেশকে মুক্ত করে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবেই। তারা বাংলাদেশকে ব্যর্থ হতে দিতে চায় না।

তিনি বলেন, সারা দেশে গণসংলাপ চালানোর সময় দাঙ্গাবাজ সরকার বার বার আমাদের ওপর হামলা চালিয়েছে। গণতন্ত্রের ওপর বিন্দুমাত্র শ্রদ্ধা থাকলে তারা এ কাজ করতো না। যারা গণতন্ত্র বোঝে না, তাদের কাছে গণতন্ত্র আশাও করা যায় না।

তিনি সরকারের উদ্দেশে বলেন, ভবিষ্যতে দেশের মানুষ আপনাদের গণতন্ত্র শিখিয়ে ছাড়বে।

বি. চৌধুরী বলেন,  সারা দেশে সাধারণ মানুষের সঙ্গে আমরা গণসংলাপ চালিয়ে দেখেছি, মানুষ দুঃশাসনের অবসান চায়। তারা চায়, সহানশীল, উদার ও গণতান্ত্রিক সরকার। এ জন্যে ক্ষমতায় পরিচ্ছন্ন, সৎ ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব প্রয়োজন বলে তারা মনে করে। তারা দেখতে চায়, গণমুখি, প্রশিক্ষিত প্রশাসন।  দেশের মানুষের দাবি, একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সংসদ।

তিনি বলেন, গণসংলাপে মানুষ দারিদ্র্য ও সন্ত্রাসকে দেশের সবচেয়ে মৌলিক সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। তারা অবিলম্বে এর অবসান চায়।

ড. কামাল হোসেন আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জনগণের উদ্দেশে বলেন, ফাইনাল পরীক্ষা আসছে। রাজনৈতিক পরীক্ষায় বার বার ফেল করা প্রার্থীরা এ পরীক্ষায় আবারো আপনাদের সামনে হাজির হবে। রাজনৈতিক পরিবর্তনে আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, আপনারাই দেশের মালিক। সরকার পরিবর্তনে ভেবেচিন্তে ভোট দেবেন। কালো টাকার মালিক, বোমাবাজ ও সন্ত্রাসীদের আমরা আর সংসদে দেখতে চাই না। আমরা চাই, সৎ ও যোগ্য নেতৃত্ব ক্ষমতায় আসুক। সংসদে এক তৃতীয়াংশ যেনো নারী প্রতিনিধি থাকে, এমন একটি কার্যকর সংসদ আমরা চাই।

তিনি আরো বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে স্বাধীন নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন। রেফারি নিরপেক্ষ না হলে খেলাও নিরপেক্ষ হয় না। বর্তমান অসৎ সরকার দিয়ে পরিচালিত নির্বাচন কমিশন দিয়ে হবে না। এ জন্যে আমরা নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার চেয়েছি।

ড. কামাল হোসেন বলেন, এখন দুর্নীতিবাজ আর গডফাদার-সন্ত্রাসীতে দেশ ছেয়ে গেছে। সাতটি টেলিভিশন চ্যানেল হয়েছে। দেশের ১৪ কোটি মানুষ জানতে চায়, এসব টিভি চ্যানেলের অর্থের উৎস কি? এর মালিকদের জণগণের কাছে সম্পত্তির হিসাব দিতে হবে। ১৯৭১, ১৯৯০ ও ২০০১ সালে কার কতো টাকার সম্পত্তি ছিলো, দেশের মানুষ তা জানতে চায়।

অনুষ্ঠানে গণইশতেহার পাঠ করেন বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকল্প ধারার নেতা মাহি বি. চৌধুরী এমপি, ডা. মোজাফ্ফর আহমেদ, এটিএম কামাল এবং ঐক্যমঞ্চের নেতা কমান্ডার আব্দুর রউফ, সাইফুদ্দিন আহমেদ মানিক, সাবেক হুইপ আব্দুর রউফ, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।

এদিকে ইশতেহারে বলা হয়, জাতি আজ আর্থ-সামাজিক ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক পরিবর্তন ঘটাতে হবে।

গণইশতেহার প্রণয়নের লক্ষ্যে বিকল্পধারা ২০০৪ সালের ১৮ অক্টোবর দিনাজপুরে প্রথম গণসংলাপের আয়োজন করে।

পরবর্তীতে রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মাইজদী ও চট্টগ্রামে একই ধরনের গণসংলাপ অনুষ্ঠিত হয়। গণসংলাপে জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. কামাল হোসেন ও অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।

গণসংলাপের অংশ হিসেবে ২০০৫ সালের ১৮ অক্টোবর সুন্দরবন হোটেলে জাতীয় ঐক্যমঞ্চ এবং বিকল্প ধারা সাংবাদিক, পেশাজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করে।

গণ ইশতেহার উপস্থাপনকালে মেজর (অব.) মান্নান বলেন, বাংলাদেশের সমাজ ও রাজনীতির ক্ষেত্রে দুর্বৃত্তায়ন প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

ইশতেহারে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের জনগণ চলমান রাজনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তন চায়।

নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সংস্কারের ব্যাপারে ২০০৫ সালের ১৫ জুলাই ১৪ দল, ১৯ জুলাই ১১ দল, ২৭ জুলাই জাতীয় ঐক্যমঞ্চ ও বিকল্পধারা দেশের সর্বস্তরের জনগণ যে দাবি উত্থাপন করে তার ভিত্তিতে গণসংলাপের মাধ্যমে গণইশতেহার প্রণয়ন করা হয়েছে।

গণসংলাপ চলাকালে বিভিন্ন স্তরের জনগণের কাছ থেকে ২৭ দফা দাবি উত্থাপিত হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে: সকল রাজনৈতিক দল ও নির্বাচনকে সন্ত্রাস ও কালো টাকা থেকে মুক্ত রাখা, সকল রাজনৈতিক দল থেকে গডফাদারদের বহিষ্কার, ঋণখেলাপীদের নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা, সকল প্রার্থী, রাজনৈতিক দলের নেতা-নেত্রী,  উর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের আয়ের উৎস ও সম্পত্তির বিবরণ জনসমক্ষে প্রকাশ ও ঘোষণা, বিচারবিভাগ পৃথকীকরণ, দারিদ্র্য ও বেকারত্ব বিমোচন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন এবং জঙ্গিবাদী, উগ্র মৌলবাদী ও সন্ত্রাসীদের সকল তৎপরতা নিষিদ্ধ করা।