একটি দল ঘুড়ি আর লাটাইটা বিদেশি প্রভুদের হাতে: প্রধানমন্ত্রী
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার বলেছেন, একটি রাজনৈতিক দল হচ্ছে গুড়ি আর সে ঘুড়িটার লাটাই বিদেশি প্রভূদের হাতে।
২০০১ সালের নির্বাচনের মত সঠিক সিদ্ধান্তটি নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে কিনা এবং জাতীয় উন্নয়নের ধারা অক্ষুন্ন থাকবে কিনা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে তা নির্ধারিত হবে।
মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার আকবর আলী কলেজ মাঠে ও সয়দাবাদের জনসভায় প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচনকে দেশের গণতন্ত্রের জন্যে খুবই গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, বাংলাদেশ ও তার জনগণের ভাগ্য নির্ধারিত হবে ভোটের মাধ্যমে।
তিনি বলেন, আমরা কারো তাবেদার হব না, এমনকি সন্ত্রাসের হাতেও জিম্মি হব না। আমরা কারো হাতের পুতুল হব না। আমরা আমাদের মৌলিক অধিকার কাউকে হরণ করতে দেব না।
তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) দেশকে সহিংসতা, লুট, চাঁদাবাজি, গডফাদার ও ১৯৭৪ সালে দুর্ভিক্ষ উপহার দিয়েছে। তারা নিজস্ব সেনাবাহিনীর প্রয়োজনীয়তাকে গুরুত্ব না দিয়ে অন্য দেশের তাবেদারে পরিণত হয়েছে। জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তারা রাজপথে হরতা ও ভাংচুর করা ছাড়া জনগণকে আর কিছুই দিতে পারেনি।
তিনি বলেন, ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা জাতির কাছে ক্ষমা চেয়ে যড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়ে কোন উন্নয়নমূলক কাজ করেনি। আর এ কারণেই ২০০১ সালের নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে তারা হরতাল আহ্বান করছে। জোট সরকারে সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তারা আলটিমেটাম ঘোষণা করে গণতান্ত্রিক সরকারকে পদত্যাগ করাতে ব্যর্থ হয়ে, জনগণের কাছে তামাশার পাত্রে পরিণত হয়েছে।
বিশ্ব ইজতেমায় ২৫-৩০ লাখ মুসুল্লির অংশগ্রহণের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, জনগণ এখন শান্তিতে বসবাস করছে। যারা ধর্মের নামে মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্র“।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী ১৪ দলীয় জোটের পরিকল্পিত আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শরীক দলের সহায়তায় তারা অরাজকতা সৃষ্টি করতে পারে কিন্তু তারা ক্ষমতায় আসতে পারবে না।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারে বিরোধী জোটের প্রস্তাবের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আওতায় সমান সুযোগের ভিত্তিতে সকল রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
নির্বাচন কমিশনকে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণ না চাইলে, তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচন কমিশন আপনাদের ক্ষমতায় আনতে পারবে না।
জনসভায় অন্যান্যর মধ্যে স্থানীয় সাংসদ আকবর আলী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি, শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন এমপি, আব্দুল মান্নান তালুকদার এমপি, ড. এমএ মতিন এমপি, মঞ্জুর কাদের এমপি, মোজাম্মেল হক এমপি এবং বেগম বিলকিস এমপি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী উল্লাপাড়া বিজ্ঞান কলেজের একাডেমিক ভবন ও ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পূর্ব--পশ্চিম দ্বিতীয় পাওয়ার ট্রান্সমিশন স্টেশনের উদ্বোধন করেন।
