২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন আ. জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এক বিবৃতিতে তার দলের নেতাকর্মীদের ওপর ছাত্রদল ও যুবদলের সশস্ত্র কর্মীদের হামলা ও হয়রানির নিন্দা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বিবৃতিতে তিনি বলেন, বিএনপির সন্ত্রাসীরা পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু বকর সিদ্দিক ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মুকুলকে মারাত্মকভাবে আহত করেছে।

এছাড়াও তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের ২৫ নং ওয়ার্ড শাখার সভাপতি আমিরুল হক খানের গ্রেফতার ও তার বিরুদ্ধে মামলা দায়ের নিন্দা জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ ২৩ দফা দাবিতে বিএনপি জামায়াত জোট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। ১৪ দলের লংমার্চ বানচাল করতে সরকার অতীতের স্বৈরাচারী সরকারের মতো গ্রেফতার ও দমনপীড়নের পথ বেছে নিয়েছে।

দমনপীড়নের আশ্রয় নিয়ে অতীতের স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকলেও বিএনপি জামায়াত জোট তা পারবে না। সরকারকে খুব শিগগিরই জনরোষের মুখে পড়তে হবে।

আব্দুল জলিল বিরোধী দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

অন্যদিকে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ইলিয়াসুর রহমানের মা আলহাজ আম্বিয়া বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি মরহুম আম্বিয়া বেগমের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।