২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথকীকরণ: সময় চাওয়া আবেদনের শুনানি বুধবার

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের জন্যে সরকার আরও চার মাস সময় চেয়ে যে আবেদন করেছে বুধবার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সরকারের পক্ষে সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিচার বিভাগ পৃথকীকরণের জন্যে আরও চার মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়।

সুপ্রিম কোর্ট এর আগে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণসহ ১২ দফা নির্দেশনা প্রদান করে।

সরকার ২০০৫ সালের ২০ অক্টোবর বিচার বিভাগ পৃথকীকরণসহ সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে চার মাস সময় চাইলে সুপ্রিম কোর্ট তা নাকচ করে দেন।

বিচার বিভাগ পৃথকীকরণসহ সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্যে সরকার ইতোমধ্যেই ২২ বার সময় চেয়েছে।  

২০০৫ সালের ২০ অক্টোবর ‘মাসদার হোসেন বনাম বাংলাদেশ’ খ্যাত বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মামলার রায় বিকৃত করার অভিযোগে আদালত অবমাননার বিষয়ে নয়জন আমলার বিরুদ্ধে আপিল বিভাগ ২০০৬ সালের ১ ফেব্র“য়ারি শুনানির দিন ধার্য করেন।

সুপ্রিম কোর্ট ২০০৪-এর ২৯ নভেম্বর ‘মাসদার হোসেন বনাম বাংলাদেশ’ মামলার রায় বিকৃত কারার অভিযোগে ওই নয় আমলার প্রতি আদালত অবমাননার রুল জারি করেন।

অভিযুক্ত নয় আমলা হচ্ছেন, পূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার ও মো. আবদুর রব হাওলাদার, উপ-সচিব মো. আবুল কালাম আজাদ চৌধুরী ও সিনিয়র সহকারী সচিব মো. খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব শফিকুল ইসলাম তালুকদার ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হারুনর রশিদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. ফজলুল হক এবং অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব একেএম মোতালেব হোসেন।  

বিচার বিভাগ পৃথকীকরণে সরকারের বিলম্বে আদালত বিরক্ত হয়ে ২০০৫ সালের ২০ অক্টোবর ওই নয় আমলাকে অবমাননার অভিযোগ থেকে বাদ দিতে অস্বীকার করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে আরও চার মাস সময় চাইবে।

তিনি বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে বেশ কিছু টেকনিক্যাল পয়েন্টে আমরা ১ ফেব্র“য়ারি আরও চার মাস সময় চাইব। বিচার বিভাগ পৃথক করা সরকারের জন্যে একটি প্রশাসনিক ও কাঠামোগত সমস্যা বলে তিনি উল্লেখ করেন।