ভোটার তালিকা: ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ যাচাই বাছাইয়ের সময় বর্ধিত
নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুতের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই’র কাজ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে।
ভোটার তালিকার জন্যে তথ্য সংগ্রহ কাজের সময়সীমা ছিল ৩১ (মঙ্গলবার)।
নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ঈদুল আযহার সরকারি ছুটি এবং হজ, বিশ্ব ইজতেমা, বিভিন্ন স্কুলে পরীক্ষা থাকায় তথ্য সংগ্রহের কাজ ব্যাহত হয়।
এ কারণে দেশের বিভিন্ন এলাকায় ভোটার যোগ্য কিছু ব্যক্তির তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। এই সব ভোটার যোগ্য ব্যক্তিদের প্রত্যেকে যাতে ভোটার হতে পারেন সেজন্য তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই’র সময় ২০ ফেব্রুয়ারি ২০০৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করতে নির্বাচন কমিশন দায়িত্বের সাথে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে।
