ঢাবি এলাকায় ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে ছাত্র সংগ্রাম পরিষদ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমনের প্রতিবাদে ছাত্র সংগ্রাম পরিষদ ওইদিন বিক্ষোভ মিছিল করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে মঙ্গলবার বিরোধী দল সমর্থক ছাত্র সংগ্রাম পরিষদ এক সংবাদ সম্মেলনে বুধবার মধুর ক্যান্টিন থেকে বাংলা একাডেমী পর্যন্ত ওই মিছিলের কর্মসূচি ঘোষণা করে।
প্রধানমন্ত্রীর ওইদিন বাংলা একাডেমীতে অমর একুশে বইমেলার উদ্বোধন করার কথা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার। ।
বক্তব্যে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদের ওপর হামলা এবং বিচারক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ।
আরো বলা হয়, সরকার শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি এবং পাঠ্যপুস্তকে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে একাত্তরের পরাজিত শক্তিকে এদেশে প্রতিষ্ঠিত করার চক্রান্ত করছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মারুফা আক্তার পপি, নজরুল ইসলাম বাবু, ছাত্রমৈত্রীর যুগ্ম আহ্বায়ক মোশতাক আহমেদ, জাসদ সমর্থিত ছাত্রলীগ সভাপতি শরীফুল কবির স্বপন, আলী আহসান তরুণ প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিয়াকত সিকদার বলেন, বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিলে দেশব্যাপী কঠোর কর্মসূচি নেয়া হবে।
