২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সংবিধান, মানবাধিকার অশুভ শক্তির হুমকির মুখে

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ স্বাধীনতা পরবর্তী সময়ে নিহত সকল সংসদ সদস্যদের হত্যার বিচার দাবিতে মঙ্গলবার ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, দেশের সংবিধান ও মানবাধিকার অশুভ শক্তির হুমকির মুখে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বক্তারা এই অশুভ শক্তির হাত থেকে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার্থে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ সরকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

হাই কোর্টের পূর্ব গেটে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি মোঃ হুমায়ুন কবীর। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন মানববন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

মানববন্ধনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া ।

ড. কামাল হোসেন বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। মানবাধিকার ও আইনের শাসন লংঘিত হচ্ছে।

তিনি বলেন, আইনের শাসন, সংবিধান ও মানবাধিকার সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আহাদ চৈৗধুরী বলেন, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশের মানুষের মুক্তি ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।

আসমা কিবরিয়া বলেন, যতদিন পর্যন্ত কিবরিয়া হত্যার বিচার না পাব ততদিন মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে রাজপথে থাকবো।