২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকাভুক্ত হয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হবেন মঙ্গলবার

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সোমবার ভোটার তালিকাভুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার এ তালিকাভুক্ত হবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ক্যান্টনমেন্ট থানার নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দিন বিডিনিউজকে বলেন, প্রধানমন্ত্রীকে তথ্য সংগ্রহের সকল কাগজপত্র দেওয়া হয়েছে। মঙ্গলবার তিনি তথ্য ফরম পূরণ করবেন। 

এদিকে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সোমবার পর্যন্ত ভোটার তথ্য ফরম পূরণ করেননি।

ঢাকা-- ৩--এর জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম জানান, বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার বাসায় কয়েকবার যাওয়ার পরও তিনি ভোটার হননি।

তিনি জানান, শেখ হাসিনা বলেছেন, ভোটার তালিকা বিষয়ে হাইকোর্টের রায়ের কারণে তিনি ভোটার তথ্য ফরম পূরণ করছেন না। 

অবশ্য কর্মকর্তা বলেন, তথ্য সংগ্রহের ফরম ৩১ জানুয়ারির পরও পূরণ করা যাবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা সোমবার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, তার স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম এবং রাষ্ট্রপতির পরিবারের অন্যান্য সদস্যদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

এসময় রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ, সামরিক সচিব মেজর জেনারেল আনম মনিরুজ্জামান এবং নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতির সচিবালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি কর্মতৎপরতার জন্যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।