২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা এড়াতে স্থায়ী কমিটির সভা বাতিল!

প্রশাসনে পদোন্নতি, বদলি ও দলীয়করণের অভিযোগ নিয়ে আলোচনা এড়াতে ক্ষমতাসীন সাংসদরা সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যোগ দিয়েই সভাস্থল ত্যাগ করলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সোমবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠক শুরু করে।

সভা সূত্র জানায়, কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন বকুল মাত্র ঘন্টা খানেক পর কোরাম সংকটের দায়ে সভাস্থল ত্যাগ করেন।

সভায় যোগ দিতে যাওয়া বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও আখম জাহাঙ্গীর হোসেন  বেশ কিছুক্ষণ বসে থাকেন।

পরে তারা সাংবাদিকদের বলেন, সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে গণপদোন্নতি প্রদান, বদলি ও দলীয়করণের বিষয়ে আলোচনা করতে ভয় পায়। তাই সাত জন সাংসদ উপস্থিত থাকার পরও কোরাম সংকটের অজুহাতে সভা বাতিল করে তারা পালিয়ে যায়। এটি একটি নজিরবিহীন ঘটনা।

আব্দুস শহীদ বলেন, কার্যপ্রণালী বিধির ১৯২ (১) বিধি অনুসারে ১০ জনের মধ্যে তিনজন উপস্থিত থাকলেই সভা করা যায়।

জানা যায়, সকালে সরদার সাখাওয়াত হোসেন বকুলের সভাপতিত্বে বৈঠক শুরু হলে সভাপতি পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন করে নেন। এ সময় আখম জাহাঙ্গীর ২৬ জানুয়ারি উপসচিব পদে পদোন্নতি নিয়ে আলোচনার দাবি করেন। কিন্তু আলোচনা হয়নি।

কমিটির সদস্য পূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির, প্রধানমন্ত্রীর প্রতিনিধি শাহ আবুল হোসাইন, মোহাম্মাদ আলী জিন্নাহ, জহির উদ্দীন স্বপন, মিয়া গোলাম সারওয়ার ও একেএম আনোয়ারুল ইসলাম একে একে সভাস্থল ত্যাগ করেন। এ অবস্থায় কোরাম পূর্ণ হয়নি বলে সভাপতি সভা বাতিল করে চলে যান।