জোটের লুট করা অর্থ ও রক্তের হিসাব নিতে হবে, সাংসদ সামসুদ্দিনের আ.লীগে যোগদান জোটের বিরুদ্ধে উচিৎ জবাব: হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকার দুর্নীতির মাধ্যমে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট এবং মানুষ হত্যা ও আতংক সৃষ্টি করে ভোট কারচুপির মাধ্যমে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ও সজাগ থেকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আতœসাৎকৃত অর্থ সম্পদের পাশাপাশি মানুষের রক্তের হিসাব নিতে হবে।
মানিকগঞ্জ - ২ আসনের স্বতন্ত্র সাংসদ সামসুদ্দিন আহম্মেদের আওয়ামী লীগে যোগদান উপলক্ষে রোববার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সামসুদ্দিন আহম্মেদকে দলে স্বাগত ও সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি’র এখন ভাটার টান। সরকারের লোভ লালসা ত্যাগ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সাবেক বিএনপি নেতা এই যোগদানের মাধ্যমে জোট সরকারকে উচিৎ জবাব দিয়েছেন। জোটের দুর্নীতি সন্ত্রাসের প্রতিবাদ জানিয়েছেন। হত্যা ও অত্যাচার নির্যাতন চালিয়ে আওয়ামী লীগকে যে নিশ্চিহ্ন করা যায় না, তা এই যোগদানের মাধ্যমে প্রমাণিত হলো।
তিনি বলেন, বিএনপি জামাত জোট সরকারের জনগণের প্রতি কোন লক্ষ্য নেই। তারা শুধু মানুষের অর্থ সম্পদ লুট করতেই ক্ষমতায় এসেছে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, এতিমভাতা খেয়ে ভাঙ্গা সুটকেশ ও ছেঁড়া গেঞ্জির মালিকরা আজ কীভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হলো তার হিসেব জনগণকে দিতে হবে। দেশবাসীকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ২০০১ সালে তাদের কী পরিমাণ অর্থ সম্পদ ছিল, আর চার বছর পর এখন তা কতো হয়েছে, টপ টু বটম তার হিসেব নিতে হবে।
সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্য সরকারকে সরাসরি দায়ী করে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদের রিমোট কন্ট্রোল সরকারের হাতে। প্রধানমন্ত্রী ও তার পরিবার এই জঙ্গি সন্ত্রাসীদের লালন পালন করছে বলে কোন গ্রেনেড ও বোমা হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার হচ্ছে না। অপরাধীদের ধরা হচ্ছে না। তাই অত্যাচারি খুনি জঙ্গি সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
আওয়ামী লীগ প্রধান আগামী ৫ ফেব্র“য়ারির ঢাকা লংমার্চ সর্বাতœকভাবে সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাধা আসলেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
সরকারের বিরুদ্ধে ভোট কারচুপির ষড়যন্ত্রের অভিযোগ এনে শেখ হাসিনা বলেন, লুটের টাকা ভোগ করতে আবারও ক্ষমতায় আসতে তারা কারচুপির প্রক্রিয়া চালাচ্ছে। ভোটার তালিকা ও নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু ওরা জানে না, মানুষ একবার অবাধে ভোট দেয়ার সুযোগ পেলে ওদের এই ষড়যন্ত্রের উচিত জবাব দেবে।
এর আগে শেখ হাসিনার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করে সামসুদ্দিন আহম্মেদ বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে উদ্বুদ্ধ হয়ে আমি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আর স্বাধীনতায় মূল চেতনায় উদ্বুদ্ধ হয়ে এখন আওয়ামী লীগে যোগ দিলাম। আগামীতে ঐক্যবদ্ধ থেকে মানিকগঞ্জের চারটি আসনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে উপহার দেব।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, ড. মহিউদ্দিন খান আলমগীর, কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, অসীম কুমার উকিল এবং মানিগঞ্জের জেলা ও থানা পর্যায়ের নেতা গোলাম মহিউদ্দিন, কামরুল হুদা সেলিম, জালাল উদ্দিন আহমেদ, আওলাদ হোসেন হারুন, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম ফারুক, হাসিব উদ্দিন আহমেদ সেলিম, আব্দুল কুদ্দুস ও দেওয়ান আব্দুর রউফ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপিসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
