২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাটে ৭ম দিনেও বিক্ষোভ, অবরোধ অব্যহত, গ্রেফতারকৃতদের জামিন নামঞ্জুর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পুলিশ জনতা সংঘের্ষের ৭ম দিন রোববারেও বিক্ষোভ থামেনি। লাগাতার হরতাল অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

আন্দোলনকারী জনতা রোববার নতুন করে বিভিন্ন সড়ক অবরোধ করে। গ্রেফতারকৃত পল্লী বিদ্যুৎ সংগ্রাম কমিটির তিন নেতার মুক্তি, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন ও সড়ক অবরোধ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে তারা। অব্যাহত বিক্ষোভ ও নজিরবিহীন ব্যারিকেডের কারণে সোনামসজিদের স্থলবন্দরের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা এখনো বিচ্ছিন্ন রয়েছে। অব্যাহত বিক্ষোভ ও ব্যারিকেডের কারণে কার্যত ওই এলাকায় প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই।

রোববার সকালে ছত্রাজিতপুর বাজার সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে এবং একবরপুরে শিবগঞ্জ খাসেরহাট সড়ক নতুন করে অবরোধ করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের কানসাট, পুকুরিয়া কলাবাড়ি ও ধোবড়ায় অবরোধ অব্যাহত ছিলো।

এদিকে, পল্লী বিদ্যুৎ সংগ্রাম কমিটির গোলাম রব্বানিসহ গ্রেফতারকৃত তিনজনের জামিন আবেদন রোববার ম্যাজিস্ট্রেট আদালতে নামঞ্জুর হয়েছে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এনামুল হক, সাইফুল ইসলাম রেজা ও সদরুল আমিনের নেতৃত্বে একদল আইনজীবী ‘খ’ অঞ্চলের ম্যাজিস্ট্রেট সারোয়ার মোর্শেদ চৌধুরীর কাছে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে দেন এবং ৫ ফেব্র“য়ারি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

উদ্ভূত পরিস্থিতিতে জেলার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাদের নিয়ে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকে অধিকাংশ বক্তাই গ্রেফতারকৃতদের মুক্তি ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। সভায় স্থানীয় সাংসদ শাজাহান মিয়া তাকে দায়ী করে বিভিন্ন মহলের দেওয়া বক্তব্য নাকচ করে দেন।

স্থানীয় সাংসদ শাজাহান মিয়া ৭ম দিনেও ঘটনাস্থলে যাননি। তিনি বর্তমানে শিবগঞ্জে নিজ বাসভবনে অবস্থান করছেন। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, পরিস্থিতি শান্ত হলে তিনি ঘটনাস্থলে যাবেন।