২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে জ্বালানী তেল নিয়ে তোপের মুখে অর্থ প্রতিমন্ত্রী, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের অনুপস্থিতিতেই রোববার জাতীয় সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 10:05 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

দীর্ঘ পাঁচদিন বিরতির পর রোববার সংসদের বৈঠক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে শুরু হয়। কোরাম পূরণ না হওয়ায় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে বিকেল পৌনে পাঁচটায় সংসদের বৈঠক বসে।

আওয়ামী লীগের অনুপস্থিতিতে সংসদের বৈঠক ছিলো অনেকটা নি¯প্রাণ।

এতে প্রশ্নোত্তর পর্ব, ৭১ বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণী নোটিশের নিষ্পত্তিসহ তিনটি বিল উত্থাপন ও সংসদীয় স্থায়ী কমিটিতে যাচাই - বাছাই শেষে তিনটি বিল উত্থাপিত হয়।

উত্থাপিত বিলগুলো হচ্ছে: সার (ব্যবস্থাপনা) বিল - ২০০৬, দি বিল্ডিং কনস্ট্রাকশন (অ্যামেন্ডমেন্ট) বিল -- ২০০৬ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (সংশোধণী) বিল, ২০০৬।

বিলগুলো যাচাই - বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

এছাড়াও প্রশ্নোত্তর পর্বে সম্প্রতি অর্থমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সারাদেশে জ্বালানী তেলের সংকট সৃষ্টি ও মূল্য বৃদ্ধির ঘটনায় সরকারি দলের সাংসদদের তোপের মুখে পড়েন অর্থ প্রতিমন্ত্রী শাহ মুহাম্মদ আবুল হোসাইন।

এর আগে চীফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন চলতি অধিবেশনের উদ্বোধনী দিনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। হুইপ আশরাফ হোসেন প্রস্তাবটি সমর্থন করেন।

পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেন বিএনপির মোজাম্মেল হক, ইয়াসমিন আরা হক, রোকেয়া আহমেদ লাকী, হোসনে আরা গিয়াস, সাহানা রহমান, সাইমুম বেগম ও জামায়াতে ইসলামীর শাহ রুহুল কুদ্দুস।

আলোচকরা রাষ্ট্রপতির ভাষণকে স্বাগত জানিয়ে বলেন, রাষ্ট্রপতির ভাষণটি ছিল যুগোপযোগি, সময়োপযোগি ও বস্তুনিষ্ট। এটি হবে রাষ্ট্রের জন্য মূল্যবান দলিল।

বক্তারা সংসদে যোগ না দেওয়ার জন্য বিরোধী দল আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন।

সংসদের বৈঠক সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মূলতবি করা হয়েছে।