২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের বিরোধিতা সত্ত্বেও জামায়াতের সমাবেশে যোগ দিলেন নোমান

সমর্থকদের তীব্র বিরোধিতা ও বাধা সত্ত্বেও বিএনপির যুগ্ম--মহাসচিব এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান শনিবার সাতকানিয়ায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের সমাবেশে যোগ না দেওয়ার জন্যে সমর্থকরা চট্টগ্রাম সার্কিট হাউজে মন্ত্রীকে ঘিরে রাখে। এ সময় ফটোসাংবাদিকরা তার ছবি তুলতে গেলে তিনি তাদের একজনের ওপর চড়াও হন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, অপর তিনজন ফটোসাংবাদিক দৈনিক যুগান্তরের দিদারুল আলমকে ছাড়িয়ে নিতে এলে মন্ত্রী তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন।

এ ব্যাপারে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো কোনও সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করিনি।

এদিকে, জামায়াতবিরোধী সাতকানিয়া বিএনপি নেতাকর্মীদের দুটি অবরোধ উপেক্ষা করে শেষপর্যন্ত তিনি ওই সমাবেশে যোগ দেন। পথে দোহাজারির শাহ আমানত ব্রিজে বিএনপি কর্মীরা তাকে বাধা দেয়।

জামায়াতের সাংসদ শাহাজাহান চৌধুরী আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে ওই সমাবেশের আয়োজন করে। এতে মন্ত্রীর যোগদানের ফলে বিএনপির জামায়াতবিরোধী কর্মীসমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্নেল (অব.) অলি আহাদের সাথে তার রাজনৈতিক বিরোধের বিষয়টিও প্রকাশ্যে চলে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রায় একশ’ নেতাকর্মী সার্কিট হাউজের দিকে এগিয়ে আসে এবং তারা তাকে সেখানে অবরোধ করে রাখার চেষ্টা করে। মন্ত্রী সাতকানিয়ায় দুপুর ২টায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে যোগদানের উদ্দেশে সার্কিট হাউজে অবস্থান করছিলেন।

এসময় কিছু কিছু কর্মী মন্ত্রীকে পায়ে ধরে সমাবেশে যোগদান না করতে অনুরোধ জানায়। কিন্তু মন্ত্রী তার সিদ্ধান্তে অটল থাকেন। ওই সমাবেশে জামায়াতের আমির ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেষপর্যন্ত সার্কিট হাউজের মূল প্রবেশদ্বারে অবস্থান নেয়া কর্মীদের উপেক্ষা করে মন্ত্রী তার গাড়িতে চড়ে সমাবেশের উদ্দেশে রওয়ানা দেন। মন্ত্রী যখন কর্মীদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তখন ছবি তুলতে গিয়ে দৈনিক যুগান্তরের সিনিয়র ফটোসাংবাদিক এবং চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিদারুল আলম মন্ত্রীর আক্রমণের শিকার হন।

এসময় ডেইলি স্টারের জুবায়ের হোসেন শিকদার, দৈনিক সমকালের রাজেশ চক্রবর্তী ও দৈনিক আজাদের ফটোসাংবাদিক সোহেল রানা সহকর্মীকে রক্ষা করতে এগিয়ে এলে মন্ত্রী তাদের সাথে দুর্ব্যবহার করেন।

কর্মী সমর্থকরা শাহ আমানত ব্রিজ ও দোহাজারিতে দু’ দফা অবরোধ আরোপ করে। কিন্তু মন্ত্রীর সাথে থাকা পুলিশ সকল বাধা সরিয়ে মন্ত্রীকে যাওয়ার ব্যবস্থা করে দেন।

উদার ও অসাম্প্রদায়িক রাজনীতির জন্যে সুপরিচিত মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের জামায়াতের সমাবেশে উপস্থিতি বন্দর নগরীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের সমাবেশে তার উপস্থিতি আগামী সাধারণ নির্বাচনে সাতকানিয়া ও সদর আসনে নোমান ও শাহজাহান চৌধুরীর মধ্যে ভোট ভাগাভাগির কৌশল।

এদিকে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম ইউনিয়ন অব জার্নালিস্ট (সিইউজে) ফটোসাংবাদিকদের ওপর মন্ত্রীর দুর্ব্যবহারের নিন্দা জানিয়েছে।