জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিতে জলিলের উদ্বেগ
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল উত্তরবঙ্গসহ সারাদেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সংকট সৃষ্টির প্রতিবাদ করে এক বিবৃতিতে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর বল্গাহীন মন্তব্যে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে সরকারের মদদপুষ্ট ব্যবসায়ী সিন্ডিকেটের কিছু অসাধু ব্যবসায়ী ফায়দা লুটছে। অগণিত সাধারণ মানুষ এর শিকারে পরিণত হয়েছে। এতে উত্তরাঞ্চলে সেচ কাজ বিঘ্নিত হচ্ছে।
তিনি বলেন, সকল ক্ষেত্রে সরকারের ব্যর্থতা, অব্যবস্থাপনা ও ব্যবসায়ী সিন্ডিকেটের অতিরিক্ত মুনাফার সুযোগ সৃষ্টির চলমান ধারায় এটি হচ্ছে নতুন সংযোজন।
তিনি সরকারের প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বন্ধ, পর্যাপ্ত তেল সরবরাহ এবং প্রকৃত মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
